আরব উপসাগরীয় অঞ্চলে ইরানের জলসীমায় নিজেদের জাহাজ চলাচলের উপর হুমকির মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ করেছে যুক্তরাজ্য। হামলার হুমকি ‘গুরুতর’ পর্যায়ে রয়েছে বলে তারা জানিয়েছে। একদিন আগেই ওই অঞ্চলে ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ট্যাংকার আটকের চেষ্টার অভিযোগ এনেছিলো যুক্তরাজ্য। নিজেদের একটি তেল ট্যাংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল ইরান। তবে, তারা ব্রিটিশ জাহাজ দখলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
গত বুধবার ওমান ও পারস্য উপসাগরের মাঝামাঝি হরমুজ প্রণালীতে একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটকানোর চেষ্টা করায় একটি ইরানি নৌকাকে সরিয়ে দিয়েছে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর একটি জাহাজ। এই ঘটনার পর ওই অঞ্চলের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্যের পরিবহন বিভাগ বলেছে, উচ্চ মাত্রার ঝুঁকি রয়েছে এমন এলাকায় সব সময়ই যুক্তরাজ্যের জাহাজগুলোকে নিরাপত্তা নির্দেশনা দিয়েছে তারা। বিবিসির প্রতিরক্ষা বিষয়ক প্রতিবেদক জনাথন বিয়াল জানান, হুমকির মাত্রা বলতে বোঝায়, ব্রিটিশ জাহাজগুলোকে ইরানের জলসীমায় প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।
ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী পেনি মরডন্ট বলেন, সরকার এ বিষয়ে উদ্বিগ্ন। উত্তেজনা কমিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ইরানের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেন, এই পরিস্থিতি খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে।
