মুড়াপাড়া সরকারি কলেজে জমে উঠেছে প্রচারণা

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০০:২৪

ছাত্র সংসদ নির্বাচন

এম এ মোমেন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

উপজেলার ঐতিহ্যবাহী মুড়াপাড়া সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে প্রচারণা জমে উঠেছে। ছাত্র সংসদের ভিপি, জিএস, এজিএসসহ ১৬টি পদের জন্য অর্ধশতাধিক প্রার্থী নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দিন-রাত তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। নির্বাচন কমিশনার ও কলেজের অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ গত ১১ জুলাই বৃহস্পতিবার তফসিল ঘোষণা করার পর থেকেই সেখানে নির্বাচনি প্রচারণা চলছে।

মুড়াপাড়া জমিদারবাড়িতে ১৯৬৬ সালে ৬২ বিঘা জমি নিয়ে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এর আগে এ কলেজে ৬টি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এবারের নির্বাচনে ছাত্রলীগ ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের কাউকে প্রচার-প্রচারণা চালাতে দেখা যাচ্ছে না। শুভেচ্ছা জ্ঞাপন সংবলিত পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে কলেজ ক্যাম্পাসসহ আশপাশের গাছপালা। এছাড়া প্রার্থীরা ও তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ছাত্রীরাও তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই।

এবারের নির্বাচনে ভিপি পদে প্রচারণা চালাচ্ছেন মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম তুহিন, মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক সামিউল হক শ্যামল, আওয়ামী পরিবারের সন্তান ও ছাত্রলীগ নেতা আবু হুরাইয়রা, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম নাইম, জিএস পদে মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সজিব, ছাত্রলীগ নেতা শামীম ওসমান, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান আরিফ, এজিএস পদে মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মনির হোসেনের ভাতিজা ও ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক, মাহিন ইসলাম মাইনুল, হাসান আহমেদ রাজ, তপু চন্দ্র দাস প্রমুখ। এছাড়া অন্যান্য পদের প্রতিটির জন্য ২-৩ জন করে প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সকাল থেকে বিকাল পর্যন্ত ছাত্রছাত্রীরা দফায় দফায় কলেজ ক্যাম্পাসে নিজ নিজ প্রার্থীর পক্ষে সভা, সমাবেশ, শোডাউন ও শোভাযাত্রা করে যাচ্ছেন। সমর্থকরা প্রত্যেকেই নিজ নিজ প্রার্থীকে সত্, যোগ্য, নিষ্ঠাবান ও প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে দাবি করছেন। তারা দলবদ্ধ হয়ে কলেজ ক্যাম্পাস ও আশপাশের দোকানপাট, বাজার, স্টেশনসহ সাধারণ ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে ভোট চাচ্ছে।

ভিপি প্রার্থী সাইফুল ইসলাম তুহিন বলেন, নির্বাচিত হলে সাধারণ ছাত্রছাত্রীদের ন্যায্য দাবি আদায়ে সচেষ্ট থাকব। আরেক প্রার্থী সামিউল হক শ্যামল বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত কলেজ ক্যাম্পাস গড়ে তোলার চেষ্টা করব। এজিএস পদপ্রার্থী আশিকুর রহমান আশিক বলেন, ছাত্রছাত্রীদের পাশে থেকে সুন্দর ও আদর্শ কলেজ ক্যাম্পাস গড়ে তুলতে চাই। নির্বাচন কমিশনার ও কলেজের অধ্যাপক আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, কলেজের সব ছাত্র সংসদ নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৭ জুলাই মুড়াপাড়া সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচন।