আটককৃত ২০ বাংলাদেশি জেলেকে এখনো ছাড়েনি আরাকান আর্মি

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ২১:২০

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির কাছে আটককৃত ২০ বাংলাদেশি জেলেসহ ১৫ টি নৌকা ও ২ টি ইঞ্জিন চালিত বোট এখনো ছাড়া পায়নি। এ ঘটনায় জেলেদের পরিবারের মাঝে চলছে আহাজারি।

বুধবার (৬ নভেম্বর) ভুক্তভোগী জেলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে এমনটি জানিয়েছেন।

আটক হওয়া জেলেরা হলেন- টেকনাফ ও শাহপরীর দ্বীপের মো. হাসিম (৩০), মো. হোছেন (২০), মহি উদ্দিন (২২), এনায়েত উল্লাহ (৩২), নুর হাফেজ (২২), মো. ইয়াছিন (৩০), আবদুর রহিম (২৪), হাসান আলি (৩৩), ওসমান গনি (৩০), শাহ আলম (২২), আসমত উল্লাহ (২০), আব্দুল শুক্কুর (২৬), আবুল হোছেন( ১৭), আইয়ুব খান (৩০), নুর হোসেন (২২), মো. বেলাল (১৮), মো. সেলিম (২৭), আবদুল কাদের (২২), ইয়ামিন (৩৫) ও আব্দুল শুক্কুর (৩৫)। 

ভু্ক্তভোগী জেলে মো. বেলাল হোসেনের মা খাদিজা বেগম বলেন, আমাদের পরিবার খুব দরিদ্র । একদিন মাছ ধরতে না গেলে সংসার চলেনা। তাই অন্য জেলেদের সঙ্গে আমার ছেলে সাগরে মাছ ধরতে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে নাফ নদী থেকে আরাকান আর্মিরা আমার ছেলে মো. বেলাল হোসেনসহ অন্যান্য জেলেদের আটক করে নিয়ে গেছেন। এখনো তাদেরকে আরাকান আর্মি ছেড়ে দেয়নি।

নৌকার মালিক মো. নুরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার বিকালে ২০ বাংলাদেশি জেলেসহ ১৫ টি নৌকা ও ২ টি ইঞ্জিন চালিত বোট নাফনদীর মিয়ানমারের সীমান্তের নাইক্ষ্যংদিয়া থেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার পরে এখনো তারা জেলেদের ছেড়ে দেয়নি। তবে এ বিষয়টি লিখিতভাবে আমরা বিজিবি’র কাছে জানিয়েছি। বিজিবি তাদেরকে ফেরত আনার জন্য চেষ্টা করছে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, আরাকান আর্মির হাতে আটক ২০ বাংলাদেশি জেলেকে ফেরত আনার জন্য বিজিবির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। এবং এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। 

এ বিষয়ে টেকনাফ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, আরাকান আর্মির হাতে আটক ২০ বাংলাদেশি জেলেকে দ্রুত সময়ের মধ্যেই ফেরত আনার চেষ্টা চলছে। আশা করি আগামীকালের মধ্যে তাদের ফেরত আনা যেতে পারে ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে ২০ বাংলাদেশি জেলের মধ্যে কেউ সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বা কেউ মাছ ধরে বাড়ি ফিরছিলেন। ভুলবশত তারা মিয়ানমার সীমান্তের অংশ হয়ে আসা-যাওয়া করছিল। এ সময় শাহপরীর দ্বীপের ওপারে মিয়ানমারের সীমান্ত থেকে আরাকান আর্মির সদস্যরা নাফ নদী থেকে নৌকা ও ইঞ্জিন চালিত বোটসহ বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায়।

ইত্তেফাক/এমএএস