নিয়োগের পরেই শুরু সালাউদ্দিনের ব্যস্ততা

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৫:৫১

বসে থাকার মানুষ নন মোহাম্মদ সালাউদ্দিন। হয়তো সে কারণেই অনেকেই তাকে দেশসেরা কোচ হিসেবে দেখেন। বিশেষ করে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা পাওয়া সাকিব আল হাসানের গুরু হিসেবে কোচ সালাউদ্দিনের সুখ্যাতি রয়েছে। যখনই সাকিব শঙ্কায় পড়েছেন, তখনই দ্বারস্থ হয়েছেন এই কোচের। শুধু সাকিব নন, জাতীয় দলের অনেকেই তাকে গুরু হিসেবে মানেন। সংকটের মুহূর্তে সালাউদ্দিনই একমাত্র পাথেয় হিসেবে সামনে আসেন। সেই কোচকে আবারও টাইগার বাহিনীর সঙ্গে যুক্ত করেছে বিসিবি। 

গেল মঙ্গলবার নিয়োগ পাওয়ার পর কালক্ষেপণ না করে গতকাল বুধবার নেমে পড়েছেন দায়িত্ব কাঁধে নিয়ে। সালাউদ্দিনের নতুন এই যাত্রার আগে গেল জানুয়ারির একটি ঘটনায় চোখ ফেরানো যাক। সিলেটে বিপিএল চলাকালীন সাকিব ভুগছিলেন চোখের সমস্যায়। বল মোকাবিলার জন্য ঠিকভাবে মাথার অবস্থান রাখতে পারছিলেন না। সেই সমস্যা সমাধানের জন্য নেমে পড়েছিলেন সালাউদ্দিন। যদিও সে সময়ে তিনি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ হিসেবে, সাকিব খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। তবু শিষ্যর ডাক উপেক্ষা করতে পারেননি। 

রংপুরের কোচ সোহেল ইসলামও চেষ্টা চালিয়েছিলেন আপ্রাণ। দুই দেশি কোচ মিলে সাকিবের সমস্যার সমাধান করতে না পারলেও বিফল হননি। তারপরে বেশ কয়েকটি ম্যাচে সফল হয়েছিলেন সাকিব। সিলেটে বসে সালাউদ্দিন বলেছিলেন, সাকিব তার সমস্যা থেকে বের হতে না পারলে সে ক্রিকেট ছেড়ে দেবে। সাকিবকে সেই মুহূর্তে খেলা ছাড়তে হয়নি। দেশি কোচদের সহায়তায় সে যাত্রায় ফিরেছেন। তারপরে অসংখ্য গল্পের আখ্যান দেখেছে সারা দেশ। 

গতকাল সালাউদ্দিন টাইগার বাহিনীর অনুশীলন জার্সি পরে নেমেছেন মিরপুরে। ২০১১ সালের পরে আরও একবার জাতীয় দলের দায়িত্বে তিনি এসেছেন। সেবার ছিলেন বিশেষজ্ঞ কোচের ভূমিকায়, এবার সিনিয়র সহকারী কোচ হিসেবে কাজ করবেন। দায়িত্ব পেয়েই মুমিনুল হক ও আফিফ হোসেন ধ্রুবদের নিয়ে ইনডোর-আউটডোরে সময় ব্যয় করেছেন। সঙ্গে ছিলেন বাংলাদেশ টাইগার্সের কোচ সোহেল ইসলাম। সিলেটে সাকিবকে নিয়ে সালাউদ্দিন-সোহেল যেভাবে কাজ করেছিলেন, সেভাবেই দুইজন এবার টাইগারদের সমস্যা সমাধানে ব্যস্ত। 

বাংলাদেশ ভুগছে চরম ব্যাটিং বিপর্যয়ে। ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজ বাদেও টি-টোয়েন্টি বিশ্বকাপে এই বিপর্যয়ের সাক্ষী হয়েছেন ভক্তরা। দিনের পর দিন গেলেও সমাধান আসছে না। মাঝে পাকিস্তান সিরিজে সফল হয়েছিল বাংলাদেশ জাতীয় দল। তার পেছনেও রয়েছে দেশি কোচদের ভূমিকা। সেই সিরিজের আগে সোহেল ইসলামের সঙ্গে মিজানুর রহমান বাবুল ও তারেক আজিজরা করেছিলেন কঠোর পরিশ্রম। ফলও এসেছে ইতিহাস গড়ে। এবার সালাউদ্দিন-সোহেলদের হাত ধরে নতুন কোনো ইতিহাসের খোঁজে বাংলাদেশ। 

সংযুক্ত আরব আমিরাতে চলছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গভাবে দেখা যাবে মোহাম্মদ সালাউদ্দিনকে। আপাতত চুক্তি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত হলেও ভবিষ্যতে সেটি বাড়তেও পারে।

ইত্তেফাক/জেডএইচ