'ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা' শুরু ৯ নভেম্বর 

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৯:৫২

আগামী ৯ নভেম্বর শুরু হচ্ছে 'ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৪', যা চলবে ১২ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে সংবাদ সম্মেলন হয়। এ সময় লিখিত বক্তব্য পেশ করেন সুইমিং ফেডারেশনর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম মিয়া। আরও ছিলেন ফেডারেশনের সহসভাপতি মো. আবদুল হামিদ, কোষাধ্যক্ষ মো. রেজাউল হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম ও ম্যাক্স গ্রুপের প্রতিনিধি ইব্রাহিম খলিল পলাশ।

প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশসহ প্রায় ৫২টি টিমের প্রায় ৫৫০ জন খেলোয়াড়, প্রায় ৮৫ জন টীম অফিসিয়াল ও ১০০ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৭৩৫ জন অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। এই প্রতিযোগিতা আয়োজনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ সম্পূর্ণ আর্থিক ব্যয়ভার বহন করবেন। বিকেএসপি ও সব সার্ভিসেস টিম ব্যতিত সব দলের সাঁতারু ও অফিসিয়ালের যাতায়াত, থাকা ও খাওয়ার খরচ বাংলাদেশ সুইমিং ফেডারেশন বহন করবে। সুইমিং কমপ্লেক্সের ডরমেটরী, ক্রীড়া পল্লী-১ ও ক্রীড়া পল্লী-২ তে সাঁতারু ও অফিসিয়ালদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

সাঁতারে (পুরুষ-১৯টি ও মহিলা-১৯টি) মোট ৩৮টি, পুরুষ বিভাগে ডাইভিংয়ে ৩টি এবং ওয়াটারপোলো ১টি ইভেন্ট রয়েছে। বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে। দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি দেওয়া হবে। এছাড়াও সেরা সাঁতারু পুরুষ ও মহিলাকে ট্রফি প্রদান করা হবে। 

ম্যাক্স গ্রুপ ২০১৩ সাল থেকে জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতায় নিয়মিত পৃষ্টপোষকতা করে আসছেন। এছাড়াও সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচিতেও ম্যাক্স গ্রুপ পৃষ্ঠপোষকতা করেছেন। এবারও “ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৩” ম্যাক্স গ্রুপ পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে আসায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি ভবিষ্যতেও ম্যাক্স গ্রুপ সাঁতারের বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত থাকবে। 

আগামী ৯ নভেম্বর বিকালে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. আমিনুল ইসলাম এনডিসি, সচিব (যুগ্নসচিব) জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। 

আর প্রতিযোগিতার শেষ দিন ১২ নভেম্বর বিকালে ৩টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে থাকবেন। এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

ইত্তেফাক/জেডএইচডি