কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে ২ নারীসহ নিহত ৪

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০০:৩১

কুমিল্লার লালমাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে দুই নারীসহ চার জন নিহত হয়েছে। এ সময় আরো ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের সবাই বাসযাত্রী ছিলেন বলে জানা যায় ।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কুমিল্লা-চাঁদপুর সড়কের লালমাই উপজেলার কেশনপাড় এলাকায় চাঁদপুর অভিমুখী পাথরবাহী একটি ট্রাককে দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই নারীসহ চার বাসযাত্রী নিহত হয়। নিহতরা হলেন—লালমাই উপজেলার ছোট চলুন্ডা গ্রামের হারেছ মিয়ার স্ত্রী হাছিনা আক্তার, কাপাসতলা গ্রামের আঃ ওহাবের স্ত্রী নুরজাহান বেগম, বরুড়া উপজেলার নশরতপুর গ্রামের আলী হোসেন ও চেঙ্গাহাটা গ্রামের বাশার। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

এদিকে দুর্ঘটনার পর ঐ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি সরিয়ে নেওয়ার পর রাত ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল চৌধুরী জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার সকালে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।