শিশুদের ওপর যৌন নিপীড়নকারীদের যৌন সক্ষমতা চিরতরে ধ্বংস করে দেয়ার আইন পাস হয়েছে ইউক্রেনের পার্লামেন্টে। বিশেষ ইনজেকশনের মাধ্যমে রাসায়নিক প্রক্রিয়ায় তাদের যৌন সক্ষমতা নষ্ট করে দেয়া হবে যাতে ভবিষ্যতে তারা এ ধরনের অপরাধ আর না করতে পারে। আদালতে অভিযোগ প্রমাণ হলে ১৮ থেকে ৬৫ বছরের পুরুষের ক্ষেত্রে আইনটি কার্যকর করা হবে।
ইউক্রেনে শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা বাড়ছে। ২০১৭ সালে দেশটিতে ৩২০ শিশু ধর্ষণের শিকার হয়। তবে ধারণা করা হয় বাস্তবে শিশুদের যৌন হামলার শিকার হওয়া ঘটনার এর বহুগুণ। দেশটির র্যাডিক্যাল পার্টির নেতা ওলেগ লিয়াশকো শাস্তির প্রস্তাবটি উত্থাপন করেন। তিনি বলেন, ইউক্রেনের আইনে শিশুদের যৌন হামলাকারীদের জন্য যাবজ্জীবন বা মৃত্যুদন্ডের শাস্তির বিধান নেই। কারাগার থেকে ছাড়া পেয়ে ধর্ষকরা একই অপরাধ আবার করে। একারণে এমন কঠোর সাজার প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে পড়েছে। উল্লেখ্য, সাবেক সোভিয়েত রাষ্ট্র কাজখাস্তানেও একই শাস্তি প্রচলিত আছে। -ডেইলি মেইল
