শিশু যৌন অপরাধের বিতর্কে ট্রাম্পের আরেক মন্ত্রীর পদত্যাগ

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ০০:৩৮

পুরোনো একটি শিশু যৌন অপরাধ মামলা নিয়ে বিতর্কের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী আলেক্সান্ডার একোস্টা। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে পদত্যাগের ঘোষনা দেন তিনি।  ধনাঢ্য ব্যবসায়ী ও তহবিল প্রদানকারী জেফরি এপস্টেইনের বিরুদ্ধে একটি শিশুর যৌন হয়রানির মামলার সুরাহা একোস্টা যেভাবে করেছিলেন তা নিয়ে বিতর্কের জেরে ডেমোক্র্যাটরা তার পদত্যাগ দাবি করেছিল।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি একোস্টাকে পদত্যাগ করতে বলেননি। তিনি নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন। তার জায়গায় এখন উপ-শ্রমমন্ত্রী প্যাট্রিক পিজেল্লা ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী হিসাবে কাজ করবেন। একোস্টাকে ‘ভীষণ বিচক্ষণ’ ও মেধাবী ব্যক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

একোস্টা ২০০৮ সালে দক্ষিণ ফ্লোরিডার এটর্নি থাকাকালে যৌনতার জন্য শিশু পাচারের একটি মামলায় জেফরি এপস্টেইনকে বিচার থেকে অব্যাহতির ব্যবস্থা করে ব্যাপকভাবে সমালোচিত হন। এপস্টেইন গত ৬ জুলাই শিশু পাচারের অভিযোগে নিউ ইয়র্কে গ্রেপ্তার হওয়ার পর পুরোনো বিতর্ক আবার নতুন করে সামনে আসে। অল্পবয়সী মেয়েদের পাচার করা এবং যৌনতার জন্য শিশু পাচার চক্রে জড়িত থাকারও অভিযোগ আনা হয়েছে এপস্টেইনের বিরুদ্ধে।