পর্দায় ফিরলেন তারা তিনজন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৯:১৮

হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিন অভিনেতা ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু। কমেডি চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয় এই ত্রয়ী। বেশ অনেক দিন হলো তাদের একসঙ্গে পর্দায় দেখা যাচ্ছিল না। ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরুর পর্দার রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে এখনও রয়েছে আলোচনা। 

নতুন খবর হচ্ছে, দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে এই তিনজনকে। শুক্রবার (৮ নভেম্বর) মুক্তি পাওয়া ‘রং ঢং’ সিনেমায় অভিনয় করেছেন এ তিনজন।

অভিনেতা ডা. এজাজ। ছবি: সংগৃহীত

ডা. এজাজ ও স্বাধীন খসরু কেউই পেশাদার অভিনেতা ছিলেন না। হুমায়ূন আহমেদের হাত ধরেই তারা জনপ্রিয়তা পান। ‘উড়ে যায় বকপক্ষী’, ‘তারা তিনজন’সহ অনেক জনপ্রিয় নাটকে দেখা গেছে তাদের।

ডা. এজাজ আর ফারুক আহমেদ এখনো কাজ করছেন। অন্যদিকে দেশের বাইরে চলে যাওয়ায় অনেক দিন পর্দায় নেই স্বাধীন খসরু। আহসান সারোয়ার নির্মিত ‘রং ঢং’ সিনেমায় তারা অভিনয় করেছিলেন বেশ আগে। ঘটনাচক্রে সিনেমাটি আজ মুক্তি পেল।

অভিনেতা ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

প্রায় ৯ বছর আগে দৃশ্য ধারণ করা হলেও সেন্সর জটিলতাসহ বেশ কিছু কারণে আলোর মুখ দেখেনি সিনেমাটি। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি।
২০১৯ সালে সিনেমাটির কয়েকটি দৃশ্যে কাচি চালায় সেন্সর বোর্ড। সেসব দৃশ্যে পরিবর্তন শেষে আবার জমা দিলে সিনেমাটিকে ‘নিষিদ্ধ’ও করা হয়। নির্মাতার দাবি, কোনো কারণ ছাড়াই তখন সিনেমাটিকে আটকে রাখা হয়েছিল। এরপর আপিল বোর্ডের কাছে আবেদন করলে মুক্তির ছাড়পত্র মেলে, উঠিয়ে নেওয়া হয় নিষেধাজ্ঞা।

অভিনেতা স্বাধীন খসরু। ছবি: সংগৃহীত

‘রং ঢং’ সিনেমায় দেখা যাবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু নবীনের প্রতারিত হওয়ার গল্প। তেমনই একটি চরিত্রে রয়েছেন ‘মীরাক্কেল’ অভিনেতা জামিল হোসেন। যিনি গায়ক হওয়ার জন্য আসেন। কিন্তু একপর্যায়ে নিঃস্ব হয়ে যান।

নাটকের দৃশ্যে ফারুক আহমেদ, ডা. এজাজ ও স্বাধীন খসরু। ছবি: সংগৃহীত

ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু ছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, সোহেল মণ্ডল প্রমুখ।

ইত্তেফাক/এসএ