বেসবলে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৯:২৬

ক্রিকেট, ফুটবলের ভিড়ে অনেক খেলার কথা আলোচনায় আসে না। রাগবি এবং বেসবলের খেলাও নিয়মিত হয় বাংলাদেশে। কিন্তু প্রচার নেই বলে সাধারণের কাছে অজানাই থেকে যায় অনেক খেলা, বেসবলও প্রচারের আলোয় নেই।

গত বুধবার শারজায় ক্রিকেটে ওয়ানডেতে ৯২ রানে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হারলেও জেতার সম্ভাবনা ছিল এই ম্যাচে, সেই ম্যাচে ১১ রানে ৭ উইকেট হারিয়ে লজ্জা মাথায় নিয়ে মাঠ ছাড়তে হয় শান্ত বাহিনীর বাংলাদেশকে। ঠিক এই সময় আন্তর্জাতিক বেসবলে আফগানিস্তানকে হারানোয় বাংলাদেশের বেসবল নিয়ে আলোচনা উঠছে।

সংযুক্ত আরব আমিরাতের আরেক শহর দুবাইয়ে অনুষ্ঠিত আরব বেসবল ক্লাসিক টুর্নামেন্টে বাংলাদেশ ১২-০ পয়েন্টে আফগানিস্তানকে হারিয়েছে। এই জয়টি আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ বেসবল। শুরুটা হয়েছে হার দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০-০ ব্যবধানে হেরেছে। দ্বিতীয় ম্যাচে এসেই ঘুরে দাঁড়াল বাংলাদেশ। আজ সকালে আরব আমিরাত এবং বিকালে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ বেসবল দল।

৯ দেশ নিয়ে গত ৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে বেসবল টুর্নামেন্ট। দুই গ্রুপে খেলবে ৯ দল। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে-সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, ফিলিস্তিন ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। আগামী ১১ নভেম্বর শেষ হবে টুর্নামেন্ট।

ইত্তেফাক/এএম