সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনাল ইতিমধ্যেই শুরু হয়েছে। সমর্থকদের পাশাপাশি ঢাকা জাতীয় স্টেডিয়ামে এসেছেন ক্রীড়ামোদী নানান শ্রেণি-পেশার মানুষ। ইতোমধ্যে স্টেডিয়ামে প্রবেশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও। এ সময় তিনি পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হয়েছে সাফের দ্বিতীয় সেমিফাইনাল। এর পৌনে একঘণ্টা আগেই স্টেডিয়ামে এলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপর স্টেডিয়ামের ভিআইপি গেটে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে হামজা-ফারহানদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ, সকল দর্শক এই ম্যাচের দিকে তাকিয়ে আছে। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল ম্যাচটি পার করা। গত ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেটা ধরে রাখলে পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।’
ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান থাকবেন কি না? এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের খেলোয়াড়রা, হামজা-ফারহান-সামিতরা খুব ভালো খেলছে। আমরা ফাইনালে যাব এবং সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।’
