কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছে আওয়ামী লীগের দুই ও ধানের শীষের তিন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন। বিএনপির প্রার্থীরা হচ্ছেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ.ন.ম এহসানুল হক মিলন, তার সহধর্মিনী বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সহ-সভাপতি নাজমুন নাহার বেবী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোশারফ হোসেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে উভয় দলের পাঁচ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। উভয় দলের প্রার্থীরা দলীয় একক প্রার্থী হিসেবে ঘোষণা পেতে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের শরণাপন্ন হচ্ছেন। নির্বাচনী মাঠকে নিজেদের দখলে রাখতে নানা কলা-কৌশল অবলম্বন করছেন।
প্রার্থীদের সাথে আলাপকালে জানা যায়, সকল প্রার্থীই দলীয় একক প্রার্থী হিসেবে ঘোষণা পাওয়ার আশাবাদী। বিশেষ করে আওয়ামী লীগের হেভিওয়েট দুই প্রার্থীই দলীয় একক প্রার্থী হিসেবে ঘোষণা পাওয়ার ব্যাপারে আশাবাদী। দলীয় মনোনয়ন লাভের জন্য লড়াইরত এ পাঁচ প্রার্থীর মধ্যে নৌকা ও ধানের শীষের কে হাল ধরছেন এ আলোচনা এখন অফিস পাড়া ও চায়ের দোকানসহ সর্ব মহলে।
