'ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা' শুরু

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৯:১৫

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৩৩তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স প্রতিযোগিতাটির প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। 

এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশসহ ৬৯টি টিমের ৫৫০ জন খেলোয়াড়, প্রায় ৮৫ জন টীম অফিসিয়াল ও ১০০ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৭৩৫ জন অংশগ্রহণ করে। সাঁতারে (পুরুষ-১৯টি ও মহিলা-১৯) মোট ৩৮টি, পুরুষ বিভাগে ডাইভিং ৩টি এবং ওয়াটারপোলোর ১টি ইভেন্ট রয়েছে। 

প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারে ১০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ০৪ টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। এ দিন বাংলাদেশ নৌবাহিনী ৭টি স্বর্ণ, ৬টি রৌপ্য, ৩টি ব্রোঞ্জ পদক, বাংলাদেশ সেনাবাহিনী ৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫ টি ব্রোঞ্জ এবং বিকেএসপি ২টি ব্রোঞ্জ পদক অর্জন করে।

এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার ঢাকা (নৌ অঞ্চল) রিয়ার এডমিরাল এস এস আবুল কালাম আজাদ । 

ইত্তেফাক/জেডএইচ