ব্যাটারদের বাজে ফর্ম নিয়ে যা বললেন সালাউদ্দিন

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৬:৫৩

দিন কয়েক আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে এতদিন গণমাধ্যমের মুখোমুখি হননি তিনি। রোববার (১০ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশের ক্রিকেটে অন্যতম সেরা এই কোচ।

শুরুতেই নিজের দায়িত্ব প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘যেহেতু সহকারী কোচ, আর হেড কোচ আছে এখানে। সে কিভাবে দলটা চালাচ্ছে তাকে হেল্প করা সেই সঙ্গে ক্রিকেটারদের যতটুকু পারি হেল্প করা। আমার রোলটা হয়তো একটু আলাদা হবে আগেরবারের তুলনায়। চেষ্টা করবো ছেলেরা যেন আরও উন্নতি করে, বিদেশি কোচ আছে তাদের সঙ্গে ছেলেদের যোগাযোগটা যাতে আরও ভালো হয় সেদিকে লক্ষ্য থাকবে।’ 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

নতুন খেলোয়াড়দের নিয়ে বেশ আশাবাদী সালাউদ্দিন। তিনি আরও বলেন, ‘যখন সাকিব তামিম মুশফিকরা এসেছিল তখনও তারা টপ খেলোয়াড় হয়নি। তারা আসলে দীর্ঘদিন পরিশ্রম করে তাদের ইচ্ছা এবং নিজের মোটিভেশন এর কারণে একটা পর্যায়ে আসছে। এই ছেলেদের যে ওই মোটিভেশনটা নাই সেটা বলা যাবে না। এই খেলোয়াড়দের অনেক ইচ্ছা হয়তো আছে।’

সম্প্রতি ব্যাট হাতে বাজে সময় পার করছে বাংলাদেশ দল। ব্যাটারদের বাজে ফর্ম নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আসলে সরাসরি তো বলা যাবে না সেটা টেকনিক্যালি সমস্যা নাকি মানসিক সমস্যা নাকি অনুশীলনের সমস্যা। সেটা সামনাসামনি কাজ না করলে বোঝা যাবে না। এটার জন্য তো আমাদের অনেক কোচিং স্টাফ আছে তারা তো ভালো জানে খেলোয়াড়রা ভালো জানে। আমার মনে হয় সমস্যাটা খোঁজা হচ্ছে।’

ইত্তেফাক/জেডএইচ