ভ্রাম্যমাণ প্রতিনিধি
‘যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আঁধার’— এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সোমবার শুরু হয়েছে জেলা সংসদীয় বিতর্ক উত্সব।
ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির আয়োজনে এ উপলক্ষে শহরের কেসি কলেজ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কেসি কলেজ শহীদ মিনার চত্বরে আলোচনা সভা হয়। ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। উদ্বোধন করেন সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, নিসচা জেলা শাখার সভাপতি অ্যাড. মনোয়ারুল হক লাল। ‘এই সংসদ মনে করে পারিবারিক সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে’— এ বিষয়ে উদ্বোধনী দিনে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় কেসি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট। সোমবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে মাসব্যাপী।
