দুই পরিবর্তন নিয়ে অলিখিত ফাইনালে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৬:১৬

হার দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। তাই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। এমন ম্যাচে প্রথমে ব্যাট করবে বাংলাদেশ।

সোমবার (১১ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 

সিরিজের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় বড় হারের তেঁতো স্বাদ পায় বাংলাদেশ। আফগানিস্তানের রহস্য–স্পিনার আল্লাহ গজনফরের ঘূর্ণিতে ৯২ রানে হারে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের জয়ে সিরিজে সমতায় ফেরায় বাংলাদেশ।

এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। ইনজুরির কারণে এই ম্যাচে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন জাকির হাসান। এছাড়া একাদশে নেই তাসকিন আহমেদ। অভিষেক হচ্ছে তরুণ পেসার নাহিদ রানার। 

অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে আফগানিস্তান। এ নিয়ে পুরো সিরিজেই একই দল নিয়ে খেলছে হাশমতউল্লাহরা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রহমাত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি।

ইত্তেফাক/জেডএইচ