রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলি-গ্রেনেড উদ্ধার

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ২১:০০

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, এক রাউন্ড চায়না রাইফেলের গুলি, একটি গ্রেনেড বোমা উদ্ধার করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাঘোনা এফডিএমএন ক্যাম্প-১৮ এর মেইন ব্লক-ডি, সাব ব্লক -কে/৬ এফডিএমএন সদস্য শুক্কুরের বাড়ির সামনে থেকে এসব অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়।

৮ এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি জানান, রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় আরসা সদস্যদের অবস্থানের খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় আরসার সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১টি গ্রেনেড বোমা ফেলে যায়।

এর আগেও শনিবার উখিয়া পালংখালী থেকে অভিযান চালিয়ে ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে যৌথবাহিনী।

ইত্তেফাক/জেডএইচডি