শুরু থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গী ছিল বিতর্ক। সবচেয়ে বেশি যে বিতর্ক ছিল তা হলো ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যা। দরজায় কড়া নাড়ছে বিপিএলের নতুন আসর। তার আগে গত আসরে অংশ নেওয়া ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধের জন্য ব্যবস্থা নিতে বিপিএল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।
বিশ্বব্যাপী ক্রিকেটারদের প্রতিনিধিত্বকারী সংগঠন ডব্লিউসিএ ইতোমধ্যেই এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি চিঠি দিয়েছে। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী টম মোফাট ক্রিকবাজকে বলেন, ‘বিপিএলের গত আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার ও বিলম্বে পাওয়ার ব্যাপারে উল্লেখযোগ্য সংখ্যক অভিযোগ এসেছে আমাদের কাছে এবং এর বেশিরভাগই এখনো অমীমাংসিত।’
তিনি আরও বলেন, ‘আমাদের খেলায় এটি একটি চলমান বিস্তৃত সমস্যা এবং এই ধরনের সমস্যার অভিযোগ এখনো পাওয়া যাচ্ছে, যা হতাশাজনক। খেলাটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এ সমস্যার সমাধানে এগিয়ে আসার জন্য আমরা ধারাবাহিকভাবে আহ্বান জানাচ্ছি এবং তারা যেন খেলোয়াড়দের প্রাপ্য অর্থ দ্রুত পরিশোধের নিশ্চয়তা দেন।’
গত বিপিএলে পারিশ্রমিক ইস্যু নিয়ে অন্তত ১৫ জন ক্রিকেটার অভিযোগ জানিয়েছেন। যা প্রায় আড়াই লাখ মার্কিন ডলারের মতো। অন্যদিকে একটি ফ্র্যাঞ্চাইজি আছে যারা এবারের আসরের অংশ নিচ্ছে না, তারা প্রায় এক লাখ ডলারের মতো বকেয়া রেখে গেছে।
গত আসরে খেললেও এবার অংশ নিচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা। তাদের পরিবর্তে এবারের আসরে অংশ নিচ্ছে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি- ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। এছাড়া ১১ বছর পর দল ফিরেছে চিটাগং কিংস।
ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক ইস্যুটি সমাধানের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সচিব নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘সেই সমস্যাটি সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। বিসিবির প্রধান নির্বাহী বিষয়টি দেখছেন এবং তিনিই সঠিক উত্তর দিতে পারবেন এর। তবে ডব্লিউসিএ’র চিঠির বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় কাজ করা হচ্ছে।’
১৫ জন ক্রিকেটারের মধ্যে ১২ জনের বকেয়া পারিশ্রমিক ফ্র্যাঞ্চাইজিদের মাধ্যমে পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল। তিনি বলেন, ‘তিনটি ফ্র্যাঞ্চাইজি থেকে তিনজন ক্রিকেটার আছেন যারা এখনো পারিশ্রমিক পাননি। তবে আমরা আশা করছি, দ্রুতই নিজেদের পারিশ্রমিক পাবেন তারা।’
