কুমিল্লার অধিকাংশ আসনে প্রার্থীর চেয়ে স্ত্রীর নগদ টাকা বেশি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৫২

মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে মোট ১৩৪ জন প্রার্থী তাদের স্থাবর-অস্থাবর সম্পদ, নগদ টাকা ও ব্যাংকে জমা টাকার তথ্যসম্বলিত হলফনামা দাখিল করেছেন। জেলার অধিকাংশ আসনের বিশেষ করে বড় দলগুলোর মনোনীত অনেক প্রার্থীর চেয়ে স্ত্রীর নগদ টাকা বেশি এবং অনেকের নগদ টাকার চেয়ে ব্যাংকে জমা টাকার পরিমাণ কম। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দাখিল হলফনামার ৬নং ক্রমিকের ‘(ক) অস্থাবর সম্পদ’ বিবরণীর ১নং ও ৩নং ক্রমিকে প্রার্থীরা নিজেই তাদের টাকার তথ্য উল্লেখ করেন।

হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান এমপি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া নিজের নগদ ছয় লাখ ৫২ হাজার ৭১৭ টাকা ও ব্যাংকে জমা ২৫ লাখ ১১ হাজার ৫৮০ টাকা এবং তার স্ত্রীর নগদ ছয় লাখ ৩৬ হাজার ৩১৫ টাকা ও ব্যাংকে ছয় লাখ ২৬ হাজার ৮৫০ টাকা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেন। এ আসনের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও দলের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের নগদ চার লাখ এক হাজার ৫৪৯ টাকা ও ব্যাংকে ১৮ লাখ ১৩ হাজার ১৬৩ টাকা এবং তার স্ত্রীর নগদ ২৩ লাখ ৯১ হাজার ২৬৯ টাকা ও ব্যাংকে জমা চার লাখ ৪১ হাজার ৪৭ টাকা রয়েছে। একই আসনে তার ছেলে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেনের রয়েছে নগদ ২৬ লাখ ৭৮ হাজার ৪০২ টাকা ও ব্যাংকে চার লাখ ৭১ হাজার ৮৬ টাকা। তারা বাবা-ছেলে। কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনেও তারা দলের মনোনয়নপত্র দাখিল করেছেন এবং হলফনামায় ওই তথ্য উল্লেখ করেন।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির (এরশাদ) মোহাম্মদ আমির হোসেনের নগদ ৪১ লাখ ৪২ হাজার ৪৪৫ টাকা রয়েছে। এ প্রার্থীর ব্যাংকে টাকা নেই উল্লেখ করা হয়েছে। একই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ। তার নিজের নগদ এক লাখ ৬৭ হাজার ২৮২ টাকা ও ব্যাংকে ১৭ লাখ ২২ হাজার ৬৪৮ টাকা জমা এবং তার স্বামী শিল্পপতি আবদুল মাতলুব আহমাদের নগদ ৩২ লাখ ৬৭ হাজার ৯৭২ টাকা ও ব্যাংকে দুই কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৮৪৭ টাকা রয়েছে।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান এমপি শিল্পপতি ইউসুফ আবদুল্লাহ হারুনের নিজের নগদ সাত কোটি ৮ লাখ ৮৯ হাজার ৪৩ টাকা ও ব্যাংকে ৯ লাখ ৮৮ হাজার ৫১৯ টাকা জমা আছে উল্লেখ করা হয়। এ আসনে বিএনপি প্রার্থী কেএম মজিবুল হকের নগদ এক লাখ ৫৭ হাজার ৫২৭ টাকা ও ব্যাংকে ৪৩ হাজার ৯৭৫ টাকা এবং তার স্ত্রীর নগদ ৪১ লাখ টাকা রয়েছে। এ আসনে বিএনপির অপর প্রার্থী ড. শাহিদা রফিকের নগদ চার লাখ ৯৯ হাজার ৭১ টাকা ও তার স্বামী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার নগদ আট লাখ ১৫ হাজার ২৮ টাকা এবং উভয়ের ব্যাংকে জমা টাকার ঘরে ‘প্রযোজ্য নহে’ উল্লেখ রয়েছে।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুলের নগদ ১ লাখ ১ হাজার ৩০৪ টাকা, ব্যাংকে জমা ৬ লাখ ৪১৪ টাকা ও ৭৬ হাজার ৫১৯ টাকার ডিপিএস এবং তার স্ত্রীর নগদ ৩ লাখ ৭২ হাজার ১৬০ টাকা, ব্যাংকে ৪৪৩ টাকা ও ১ লাখ ৪৬ হাজার টাকার ডিপিএস রয়েছে। এ আসনে বিএনপি প্রার্থী সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নগদ ৩১ লাখ ১৩ হাজার ৫৮৭ টাকা ও তার স্ত্রীর নগদ ৪৩ লাখ ৫৬ হাজার ৫৩৪ টাকা রয়েছে এবং উভয়ের ব্যাংকে জমা টাকার ঘরে ‘০০’ উল্লেখ রয়েছে।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর নগদ ১ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৭৪২ টাকা ও ব্যাংকে ৭৩ লাখ ৭৩ হাজার ৩৮৬ টাকা রয়েছে। এ আসনে বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদের নগদ ২৪ লাখ ৭৩ হাজার ৪৫০ টাকা ও ব্যাংকে ৩০ হাজার টাকা রয়েছে। একই দলের অপর প্রার্থী সাবেক এমপি মোঃ ইউনুসের রয়েছে নগদ ৩৭ লাখ ৩৫ হাজার ৬৭৬ টাকা ও ব্যাংকে ১৪ লাখ ৯৩ হাজার ২৬৩ টাকা।

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন) আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান এমপি আ ক ম বাহাউদ্দীনের রয়েছে নগদ ৯ লাখ ২ হাজার ৬৪৪ টাকা ও ব্যাংকে ৫ কোটি ৬৬ লাখ ২৮ হাজার ১৩৭ টাকা এবং তার স্ত্রীর নগদ ৩৫ হাজার ৯৪০ টাকা ও ব্যাংকে জমা আছে ৪৭ লাখ ৫৫ হাজার ৯৯৫ টাকা। এ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ মনিরুল হক চৌধুরীর নগদ ৪৯ লাখ ৯৮ হাজার ৮৪৪ টাকা ও ব্যাংকে ৬ লাখ ৮৪ হাজার ৩৩৭ টাকা এবং তার স্ত্রীর রয়েছে নগদ ১০ লাখ ২৫ হাজার টাকা ও ব্যাংকে ৪ লাখ ৩ হাজার ৮১৩ টাকা। তিনি কুমিল্লা-১০ আসনেও দলের প্রার্থী। বিএনপির অপর প্রার্থী মোহাম্মদ আমিন উর রশিদের রয়েছে নগদ ৪ লাখ ২৩ হাজার ৮০১ টাকা ও ব্যাংকে ১ কোটি ১৪ লাখ ৫৬ হাজার ৪৮৪ টাকা এবং তার স্ত্রীর রয়েছে নগদ ১ লাখ ৮৭ হাজার ৫২৪ টাকা ও ব্যাংকে ৩ লাখ ৯৭ হাজার ৩৯৮ টাকা। একই দলের অপর প্রার্থী মোঃ মোস্তাক মিয়া নিজ আয় হতে প্রাপ্য সম্ভাব্য অর্থ ৫ লাখ টাকা উল্লেখ করেন।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান এমপি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোঃ আলী আশরাফের নগদ ৬ লাখ ৭ হাজার ৩৯৩ টাকা ৭১ পয়সা ও ব্যাংকে ৬০ লাখ ২৯ হাজার ৪১৫ টাকা ৭২ পয়সা এবং তার স্ত্রীর নগদ ১ লাখ ৩৩ হাজার ৪১৬ টাকা ২ পয়সা রয়েছে। এ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের নগদ ৮৪ লাখ ১৮ হাজার ৩৮৭ টাকা ও ব্যাংকে ৯ লাখ ৯৭ হাজার ৭১১ টাকা এবং তার স্ত্রীর নগদ ৭ লাখ ৪৫ হাজার ৯২৪ টাকা ও ব্যাংকে ৩৪ লাখ ৬০ হাজার ৫৮৭ টাকা ৬২ পয়সা রয়েছে।

কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির (এরশাদ) অধ্যাপক নুরুল ইসলাম মিলনের নগদ ২ লাখ টাকা ও ব্যাংকে ৬২ লাখ টাকা রয়েছে। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরীর নগদ ১৫ লাখ ৪ হাজার ২৫৬ টাকা ও ব্যাংকে ২৭ হাজার ৯৬৯ টাকা এবং তার স্ত্রীর নগদ ৯৭ হাজার ২৬৪ টাকা ও ব্যাংকে ২ লাখ ৩৭ হাজার ৫৫৩ টাকা উল্লেখ রয়েছে। এ আসনে বিএনপি প্রার্থী সাবেক এমপি জাকারিয়া তাহেরের রয়েছে নগদ ২৭ লাখ ৯ হাজার ৮০৭ টাকা ও ব্যাংকে ২ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৮১৩ টাকা এবং তার স্ত্রীর রয়েছে নগদ ৩৪ হাজার ১৭৭ টাকা ও ব্যাংকে ৩৩ লাখ ২৫ হাজার ২৬ টাকা।

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি মোঃ তাজুল ইসলামের রয়েছে নগদ ১ কোটি ৩১ লাখ ১৩ হাজার ২৪০ টাকা ও ব্যাংকে ৩ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৬১৭ টাকা। এ আসনে বিএনপি প্রার্থী সাবেক এমপি কর্নেল (অব.) আনোয়ার উল আজিমের রয়েছে নগদ ৭৬ লাখ ২৯ হাজার ২৭৬ টাকা ও ব্যাংকে টাকার ঘর শূন্য এবং তার স্ত্রীর নগদ ১ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ২৭ টাকা ও ব্যাংকে ১ লাখ ৩ হাজার ২০ টাকা।

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার নগদ টাকা ৩ লাখ ও ব্যাংকে ৫ কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৭২৮ টাকা এবং তার স্ত্রীর নগদ ৫ লাখ ও ব্যাংকে ১ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৫শ টাকা রয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী কুমিল্লা-৬ আসনেও দলের প্রার্থী। এছাড়া এ আসনে বিএনপির অপর প্রার্থী সাবেক এমপি মোঃ আবদুল গফুর ভুঁইয়ার নগদ ৯৩ লাখ ৩০ হাজার ৭৪ টাকা ও ব্যাংকে ৫ লাখ ৩৪ হাজার ৬২৩ টাকা এবং স্ত্রীর নগদ ৮৯ লাখ ১৭ হাজার ৬১০ টাকা ও ব্যাংকে ৯ লাখ ২২ হাজার ৫৩ টাকা রয়েছে। একই দলের অপর প্রার্থী মোঃ মোবাশ্বের আলম ভুঁইয়ার রয়েছে নগদ ১ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ৫৬১ টাকা ও ব্যাংকে ১২ লাখ ৫ হাজার ১৩৬ টাকা।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগ প্রার্থী রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হকের রয়েছে নগদ ২ হাজার ৩২ টাকা ও ব্যাংকে ২৭ হাজার ৮১৭ টাকা এবং স্ত্রীর আছে নগদ ২ হাজার ২৫৮ টাকা ও ব্যাংকে ৫৯ হাজার ৬০৬ টাকা। এ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী সাবেক এমপি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নগদ ১ কোটি ২১ লাখ ১৩ হাজার ৬০৩ টাকা ৫৬ পয়সা ও ব্যাংকে ২১ হাজার ৭৫৩ টাকা ৪০ পয়সা এবং স্ত্রীর নগদ ৩ লাখ টাকা ও ব্যাংকে ২ লাখ ৭৪ হাজার ৮৯৮ টাকা ৪৮ পয়সা রয়েছে। এ আসনে বিএনপি প্রার্থী কাজী নাসিমুল হকের রয়েছে নগদ ৯ লাখ ৩৬ হাজার ২২৮ টাকা ও ব্যাংকে ২৩ লাখ ৮৩ হাজার ১৩ টাকা এবং স্ত্রীর নগদ টাকার ঘর শূন্য ও ব্যাংকে ১ লাখ ৩৬ হাজার ৮ টাকা আছে উল্লেখ করা হয়েছে।