পিরোজপুরে আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৫২

পিরোজপুর অফিস

পিরোজপুর জেলা জজকোর্ট চত্বর থেকে সোমবার আমানুল্লাহ নামে কারাবন্দি এক হত্যা মামলার আসামি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে। জেলার কাউখালী উপজেলার নাঙ্গুলী গ্রামের মোঃ ইউনুসের ছেলে আমানুল্লাহকে পুলিশ সেপ্টেম্বর মাসে মফিজুল্লাহ মাহফুজ নামে এক ব্যাংক কর্মচারীকে হত্যার অভিযোগে গ্রেফতার করেছিল।

গত ২৬ আগস্ট নাঙ্গুলী গ্রামে এক মারামারিতে অন্যান্যের সাথে গুরুতর আহত হওয়ার পর বরিশাল হাসপাতালে নেয়ার পথে মাহফুজ মারা যায়। এরপর ইউনুসকে প্রধান আসামি ও ছেলে আমানুুল্লাহসহ ১০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা হয়। আমানুল্লাহ গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলো। সোমবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এ মামলার অন্যান্য আসামির সাথে তাকে জেলা কারাগার থেকে হাজিরের জন্য আনা হয়। প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে উপস্থিত করার ফাঁকে হাতকড়া ফসকে আমানুল্লাহ পালিয়ে যায়।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, পলাতক আমানুল্লাহকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। তার গ্রামসহ পিরোজপুর জেলা ও পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি চলছে।