গেল কয়েক দিন ধরেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিয়মিত দেখা যাচ্ছে তামিম ইকবালকে। এর মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছিল, আসন্ন বিপিএলের আগেই মাঠে দেখা যাবে দেশসেরা ওপেনারকে। এবার সেই গুঞ্জনটাই নিশ্চিত করে দিলেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। জানিয়ে দিলেন, আসন্ন বিপিএলের আগেই টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়েই ২২ গজে ফিরতে চলেছেন তামিম ইকবাল।
সবশেষ ব্যাট-প্যাডে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে দেখা গিয়েছিল গেল মে মাসে। লিস্ট এ ক্রিকেটে প্রাইম ব্যাংকের হয়ে খেলেছিলেন তিনি। তারপর থেকে মাঠের বাহিরেই তিনি। বিপিএলের ১১তম আসর মাঠে গড়াবে আগামী ৩০ ডিসেম্বর। ঐ টুর্নামেন্টে তামিম ইকবাল ফরচুন বরিশালের হয়ে বাইশ গজে নামবেন, সবশেষ আসরে তার নেতৃত্বেই বিপিএলের প্রথম শিরোপা জিতেছিল বরিশাল। ড্রাফটে সাজানো দল অনুসারে এবারও ফেভারিট হিসেবে থাকবে তারা। আর আসন্ন এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে।
আগামী ১১ ডিসেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টের যা শেষ হবে ২৩ ডিসেম্বর। টুর্নামেন্টটিকে লোকাল ক্রিকেটাররা বিপিএলের প্রস্তুতি হিসেবে মাঠ মাতাতে দেখা যাবে। যেখানে তামিম ইকবালও খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন হান্নান সরকার। গতকাল গণমাধ্যমের মুখোমুখি জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার তামিমের মাঠে ফেরার প্রসঙ্গে বলেন, 'তামিম ইকবালের বিষয়টা তার নিজের ভাবনা, পাশাপাশি আমাদের বোর্ডেরও কিছু ভাবনা রয়েছে। কিন্তু তামিম এনসিএল টি-টোয়েন্টিটা খেলবেন সেখানে তিনি ইচ্ছা পোষণ করেছেন তাই সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া যায়।'
ঐ টুর্নামেন্টে কোন দলের হয়ে খেলতে পারেন তা জানিয়ে এই নির্বাচক আরও বলেন, 'তামিম খেললে স্বাভাবিক ভাবেই চট্টগ্রাম ডিভিশনের হয়েই খেলবে, তো কয়টা ম্যাচ খেলবে কখন খেলবে এই বিষয়গুলো আরো সময় রয়েছে টি-টোয়েন্টির আগে সেটা আমরা আলোচনা করব। কিন্তু এই টুর্নামেন্টে তিনি খেলার আগ্রহ প্রকাশ করেছেন।'
তবে এই টুর্নামেন্ট খেলার আগে তামিমকে দিতে হবে ফিটনেস টেস্ট। এ নিয়ে হান্নান সরকার বলেন, 'ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে-এটা আমাদের একেবারে মৌলিক মানদণ্ড। যেটা হলো ফিটনেস পরীক্ষায় উপস্থিত হবে এবং তাদের একটা লক্ষ্য থাকে সেটাতে পৌঁছাতে হবে। কিছু কিছু সিনিয়র খেলোয়াড়ের ক্ষেত্রে ফিটনেস টেস্টে যে প্রথম লক্ষ্য থাকে সেটাতে পৌঁছাতে না পারলেও আমরা সুযোগ দিয়েছি তারা ন্যাশনাল লিগে এখনো খেলছে। তাই তামিমকেও নিশ্চিত এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আসতে হবে।'
এ দিকে তামিমের মাঠে ফেরার বিষয়ে জানলেও দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাইশ গজে ফেরার বিষয়ে নির্বাচক জানেন না কিছুই। সবশেষ ভারতের বিপক্ষে কানপুরে দ্বিতীয় টেস্ট খেলার আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে অবসরের ঘোষণা দেন সাকিব। সে সময় জানিয়ে দেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট ফরম্যাটেও বিদায় নিবেন তিনি। তবে প্রোটিয়াদের বিপক্ষে মিরপুর টেস্টের স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত দেশে ফিরতে পারেননি সাকিব।
সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতেও ছিলেন না তিনি। তাতে আসন্ন বিপিএলে তার খেলা নিয়েও দাঁড়িয়েছে শঙ্কা।। এই ক্রিকেটারকে নিয়ে জানতে চাইলে হান্নান বলেন, 'সাকিবের ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। আমি কিছুই জানি না। তাই এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারব না।'
