জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়টির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষ থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেন তারা।
ছবি নামানোর সময় 'মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না', 'মুজিববাদের গদিতে আগুন জ্বালো একসাথে', 'মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও' ইত্যাদি স্লোগান দেন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ও আবাসিক হলগুলো থেকে অতিদ্রুত বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার হুশিয়ারি দেন নেতাকর্মীরা।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার অন্যতম সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, 'আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছিলাম বাংলাদেশে ফ্যাসিস্ট মুজিববাদের ঠিকানা হবে না। মুজিবের ওপর ভিত্তি করে যে ফ্যাসিস্ট শাসনব্যবস্থা কায়েম হয়েছিল তা ভেঙে দিতে হবে।'
তিনি আরও বলেন, 'রাষ্ট্রীয় পর্যায় থেকে মুজিববাদকে মুছে ফেলা হয়েছে। এজন্য আমরা বলেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোথায়ও মুজিবের চিহ্ন রাখা যাবে না। তারই ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনকে মুজিববাদ ও ফ্যাসিবাদের চিহ্নমুক্ত করেছে।'

