দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দিনাজপুর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রাহুল স্মরণে শোক ও আহতদের আরোগ্য কামনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় শহীদ পরিবারের প্রতি সহায়তার আশ্বাস দেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় অডিটোরিয়াম-১ এ এই শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, ‘আমরা সবসময় শহীদ রাহুলের পরিবারের পাশে থাকবো এবং তাদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।’
তিনি আরও বলেন, ‘দিনাজপুর থেকে একজন তরুণ বুকের তাজা রক্ত দিয়ে দেশের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেছেন, আমরা গর্বিত। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিতে পারি এবং তাদের পরিবারের জন্য সহায়তা বাড়াতে চাই।’
এ সময় উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান এবং শহীদ রাহুলের পরিবারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা শহীদ রাহুলের পরিবারের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়।

