দামেস্কে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ১৫ 

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৩

সিরিয়ার রাজধানী দামেস্কের আবাসিক ভবনে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

সিরিয়ার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে, অধিকৃত সিরিয়ান গোলান থেকে ইসরায়েলি শত্রুরা দামেস্কের মাজ্জেহ এবং কুদসসায়াতে আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। 

তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা ফিলিস্তিন ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর বেশ কয়েকটি ভবন ও কমান্ড সেন্টার লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, গাজাভিত্তিক গোষ্ঠী এবং তার অপারেটিভদের জন্য এই হামলা উল্লেখযোগ্য বিস্ফোরক। 

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের একজন কর্মকর্তা এপিকে বলেছেন, মাজ্জেহতে আমাদের গোষ্ঠীর এক কার্যালয় হামলার শিকার হয়েছে। এতে বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছে। 

বৈরুত থেকে আল জাজিরার সাংবাদিক চার্লেস বলেছেন, ফিলিস্তিন ইসলামিক গ্রুপ একটি গাজাভিত্তিক গোষ্ঠী। এটি গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় জড়িত ছিল। 

ইত্তেফাক/এসআর