সাফ চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিল সাউথইস্ট ব্যাংক

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৩:৫৫

সাফ নারী চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে সাউথইস্ট ব্যাংক। গতকাল দুপুরে দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম, এমডি নুর উদ্দিন সাদেক হোসেন, প্রতিষ্ঠানের পরিচালক আজিম উদ্দিন আহমেদ, মিসেস জোসনে আরা কাশেম, দুলুমা আহমেদ, নাছির উদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি ফাহদ করিম ও ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরন, ছাইদ হাছান কানন প্রমুখ উপস্থিত ছিলেন। 

চ্যাম্পিয়ন ফুটবলাররা যখন অনুষ্ঠানস্থলে পৌঁছায়, তখন ব্যাংকে কর্মরত অন্যরাও খেলোয়াড়দেরকে দেখার জন্য ছুটে আসেন। সাউথইস্ট ব্যাংক নারী ফুটবলারদের প্রত্যেকের হাতে ৩ লাখ টাকার চেক এবং কোচিং স্টাফ ও দলের কর্মকর্তাদের ১ লাখ টাকার চেক উপহার দেয়।

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সাফ চ্যাম্পিয়ন হওয়া ট্রফি নিয়ে গিয়েছিলেন। তাদেরকে গেট থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম। তিনি ফুটবলারদের অভিনন্দন জানান। আগামীতে আরও ভালো রেজাল্ট বয়ে আনার প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। 

অধিনায়ক সাবিনা খাতুন সবার পক্ষ থেকে ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সাবিনা এবং মারিয়া মান্ডা দুই জন মিলে ব্যাংকের চেয়ারম্যানের হাতে সাফের একটি জার্সি উপহার দেন। এটি ছিল সাফে খেলা বাংলাদেশের আসল জার্সি। অনুষ্ঠান শেষে ফুটবলারদের জন্য মধ্যাহ্ন-ভোজের আয়োজন করে সাউথইস্ট ব্যাংক। বাফুফের কর্মকর্তারা জানিয়েছেন মেয়েদের সাফল্যে এই প্রতিষ্ঠান খুবই খুশি হয়েছে। ভবিষ্যতে নারী ফুটবলে তারা থাকলে সেটি হবে আমাদের জন্য আরো আনন্দের।

ইত্তেফাক/জেডএইচ