কুড়িগ্রাম-১ আসনে মহাজোট প্রার্থী নিয়ে ধোঁয়াশা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৫২

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হলেও কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে কাটেনি মহাজোট প্রার্থী নিয়ে ধোঁয়াশা। এ বিষয়ে এখনও আসেনি কেন্দ্রীয় নির্দেশনা। তাই আওয়ামী লীগ ও জাতীয় পার্টি উভয় দলের মনোনীত প্রার্থীরা চালাচ্ছেন নিজেদের পক্ষে প্রচারণা। শেষ পর্যন্ত জোটগত না একক নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে ফসলের মাঠ থেকে চায়ের দোকান পর্যন্ত সর্বত্রই চলছে দিনভর আলোচনা।

নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী— এ দুই উপজেলার ২৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে সংসদীয় আসন ২৫ কুড়িগ্রাম-১ গঠিত। এ আসনে গত নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হন চারবারের সংসদ সদস্য এ.কে.এম মোস্তাফিজুর রহমান। দশম জাতীয় সংসদ নির্বাচনে নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আছলাম হোসেন সওদাগর দলীয় মনোনয়ন পান। পরে মহাজোটের কারণে তাকে প্রার্থিতা প্রত্যাহার করতে হয়। এবারে অনেক আগে থেকে আওয়ামী লীগ এ আসনে নৌকা মার্কার প্রার্থী চেয়ে আসছে। আবারো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান আছলাম হোসেন সওদাগর।

অপরদিকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন চারবারের সংসদ সদস্য এ.কে.এম মোস্তাফিজুর রহমান। তিনি এলাকায় না থাকলেও তার পক্ষে দলের কর্মী সমর্থকরা করছেন গণসংযোগ। জোটগত, না আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে এনিয়ে দুই দলের কর্মী সমর্থক ও ভোটারদের অপেক্ষা করতে হচ্ছে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।

নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী নাজমুল হুদা লাল বলেন, এ আসনে এবারে নৌকা মার্কার প্রতি ভোটারদের ব্যাপক সাড়া। আশা করছি শেষ পর্যন্ত নৌকা মার্কার প্রার্থী আছলাম হোসেন সওদাগর মহাজোটের প্রার্থী হিসেবে প্রার্থিতা করবেন।

জাতীয় পার্টির নাগেশ্বরী উপজেলা সদস্য সচিব আ.ম.প আনিছুর রহমান জানান, অল্প সময়ের মধ্যে সব ধোঁয়াশা কেটে যাবে এবং মহাজোট প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে তাদের নেতা মোস্তাফিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।