লেগ স্পিনারে জোর দিতে টাইগারদের পরামর্শ দিলেন রশিদ খান

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১১:০১

খারাপ পারফরম্যান্স করলেও বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। নাহিদ রানা এবং রিশাদ হোসেনের মতো ক্রিকেটাররা ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় সম্পদ হয়ে উঠবেন বলে মনে করেন আফগান তারকা। তাই বেশি বেশি লেগ স্পিনার পেতে ঘরোয়া ক্রিকেটারদের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগান তারকা রশিদ খান বলেছেন, বাংলাদেশেও ভালো স্পিনার আছে। তবে বেশির ভাগই বাঁহাতি ও অফ স্পিনার। লেগ স্পিনার রিশাদ আছেন, সে ভালো করছে। স্পিনারদের বিপক্ষে ভালো করতে হলে ঘরোয়া ক্রিকেটে বেশি বেশি এমন স্পিনারদের খেলাতে হবে। রহস্যময় স্পিনাররা পার্থক্য গড়ে দেয়। তাদের খুঁজে বের করতে হবে।

সম্প্রতি আফগান স্পিনারদের সামনে নড়বড়ে ছিল টাইগারদের ব্যাটিং লাইন আপ। তবুও বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসা করেছেন রশিদ খান। 

তিনি বলেন, আমার মনে হয় বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকালেও দেখবেন, বাংলাদেশের ভালো সুযোগ ছিল সেমিফাইনাল খেলার। অনেক সময় এমন হয় যে ফলাফল পক্ষে আসে না। তবে তারা ভালো ক্রিকেট খেলেছে।

তিনি বলেন, নাহিদ রানা যেভাবে বোলিং করেছে, তা আমি বারবার দেখতে চাই। সে বাংলাদেশের সম্পদ। এই প্রথম বাংলাদেশের এমন বোলার দেখলাম যে ১৫০ কিলোমিটার গতিতে বল করছে। এটা সব তরুণদের অনুপ্রেরণা দেবে। তাকে দেখে অনেক পেসার বের হয়ে আসবে। এটা তার ক্যারিয়ারের শুরু মাত্র। নিজেকে ফিট রাখতে কাজ করতে হবে। 

বাংলাদেশের দুই দশক পর টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান এরই মধ্যে খেলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টানা ৮ সিরিজে অপরাজিত। রশিদ খান বলছেন, সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ায় সাফল্য পাচ্ছে তারা।

তিনি বলেন, দেখেন আমাদের অনেক ন্যাচারাল প্রতিভা আছে। আমরা অনূর্ধ্ব-১৯ লেভেল থেকে ভালো মানের ক্রিকেটার পাচ্ছি, যারা জাতীয় স্তরে পারফর্ম করছে। এর কৃতিত্ব অবশ্যই তাদের। তরুণরা অনেক পরিশ্রম করছে। সঠিক প্রক্রিয়া মেনে কাজ করছে।
 

ইত্তেফাক/আরএস