বুলবুলের মতো রফিকও ডাকের অপেক্ষায় 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৫:৫৩

আমিনুল ইসলাম বুলবুল বিসিবিতে কাজের আগ্রহের কথা বলেছিলেন কিছু দিন আগেই। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক অসংখ্যবার সেই আগ্রহের কথা জানিয়েছেন। এমনকি আইসিসিতে বসেও বিসিবির একটি ডাকের অপেক্ষা করেন বুলবুল। তার মতোই অপেক্ষায় রয়েছেন সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক। এক সময়ে মাঠ কাঁপানো বাঁহাতি এই স্পিনার দেশের মাটিতেই কোচিং করাচ্ছেন। ঘরোয়া লিগ ও বিপিএলের মধ্যেই সীমাবদ্ধ তার ক্যারিয়ার। 

তবে জাতীয় দলে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন রফিক। বিসিবি থেকে কেবল একটি ডাকের অপেক্ষায় তিনি। আর এই অপেক্ষা করতে করতে কিছুটা আক্ষেপও তৈরি হয়েছে সাবেক এই ক্রিকেটারের মনে। বর্তমানে রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন রফিক।

গতকাল মিরপুরে দলের অনুশীলন শেষে সাবেক এই ক্রিকেটার বলেছেন, 'আমরা সবসময়ই প্রস্তুত থাকি যে, কখন বোর্ড আমাদের ডাকবে। দুঃখের বিষয়, আমরা অনেক দিন হলো অবসর নিয়েছি, এখন পর্যন্ত তারা সাড়া দেয়নি। কিন্তু আমরা তাদের আশায় তো বসে থাকিনি। আমরা ঘরোয়া ক্রিকেটের খেলায় আছি শেখ জামাল আছে, রংপুর রাইডার্স আছে, আমরা ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকি। আমরা ক্রিকেট খেলে যে অভিজ্ঞতাটা নিয়েছি এটা আমরা দেশের মানুষকে ভাগাভাগি করতে পারছি না। দুঃখ লাগে যে, কেন পারছি না।' 

বিসিবি বেশির ভাগ সময়েই বিদেশি কোচের ওপরে ভরসা রাখে। ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পরে দেশি কোচদের নিয়ে আশার খবর দিয়ে মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দিয়েছেন। এই ধারা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন মোহাম্মদ রফিক।

তিনি বলেছেন, 'তারা এখানকার খেলোয়াড়দের মনের কথা বুঝতে পারবে। একজন বিদেশি কোচ একটা সময় নিয়ে আসেন, শেষ হলে চলে যান। কিন্তু আমরা কোথাও যাব না। আমরা সারা বছর ক্রিকেটারদের নিয়ে থাকব। কিংবা ঐ ক্রিকেটারকে নিয়ে কাজ করব। তার সেই ক্রিকেটারের যে সমস্যা থাকে সেটি আমরা তাড়াতাড়ি দূর করতে পারব। এখনো অনেক খেলোয়াড় বলে যে, রফিক ভাই এটাতে সমস্যা। তখন যতটুকু পারি আমি বলি, সমাধান দেই। আসলে শেখার তো কোনো শেষ নেই। যত এটি নিয়ে নাড়াচাড়া করা যাবে, তত শেখা যাবে।'

ইত্তেফাক/জেডএইচ