নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়ার আসর বসানোর চাঁদার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী এলাকায় জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ভূইয়া ও স্থানীয় বিএনপি কর্মী মুরাদ খানের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার (১৬ নভেম্বর) উপজেলার ডহর মারুয়াদীর এলাকার হোসেন মিয়া ও দীন ইসলাম নামে দুইজনকে পুলিশ আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডহর মারুয়াদী এলাকায় এমদাদের পরিত্যক্ত বাড়িতে নিয়মিত জুয়ার আসর জমতো। এই আসর থেকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা চাঁদা আদায় করে আসছিল। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এলাকার দৃশ্যপট পাল্টে গেলেও জুয়ার আসর বন্ধ হয়নি। এ আসর থেকে চাঁদার টাকা তোলাকে কেন্দ্র করে শাহীন ভূইয়া ও মুরাদ খানের অনুসারীদের মধ্যে বেশ কয়েক বাক বিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
গত শুক্রবার রাতে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়লে মুরাদের লোকজন শাহীনের বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। পরে শাহীনের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পাল্টা ধাওয়া দিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে রাকিব ভূইয়া (২৫), ছানাউল্লাহ ভূইয়া (৩১), ইয়াছমিন আক্তার (১৯), রাকিব মিয়া (২০), হোসেন মিয়া (৩৫) সহ অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে রাকিব ভূঁইয়ার বাম হাতের আঙ্গুল এবং পেটের বাম পাশের অংশ গুরুতর জখম হয়। রাকিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। বাকিদের হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ফোর্স প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মাসুদা বেগম বাদী হয়ে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ভূইয়াসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও এর আশেপাশে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
