বিয়েটা অনেকটা চুপিসারে সম্পন্ন হলেও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নববধূকে ঘরে তুললেন জাতীয় দলের তারকা ক্রিকেটার ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও এলাকাবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার আড়াই হাজার মানুষের আগমনে মুখরিত হয়ে ওঠে বৌভাত অনুষ্ঠানটি।
শনিবার দুপুর থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে অতিথিরা আসতে শুরু করেন সকাল থেকেই। তবে এই আনন্দের দিনেও মিডিয়ার সামনে চুপ থেকে গেলেন মোস্তাফিজ। বধূ সুমাইয়া পারভীন শিমুকে নিয়ে পাশাপাশি বসেছিলেন এই কাটার মাস্টার। কোনো কথাই তিনি বলেননি। তবে মোস্তাফিজের বাবা আবুল কাশেম গাজী ছেলের জন্য দেশবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
বৌভাত অনুষ্ঠানে অতিথিদের খাবারের জন্য খাসির বিরিয়ানি, গরুর মাংস, দধি ও কোকাকোলার ব্যবস্থা করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের জন্য ছিল খাসির বিরিয়ানি।
অনুষ্ঠানে যোগ দেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আফম রুহুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম, সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী প্রমুখ। গত ২২ মার্চ সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সুমাইয়া পারভীন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজুর রহমান। শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী। শিমুর বাবা রওনাকুল ইসলাম বাবু মোস্তাফিজুর রহমানের মেজো মামা। মায়ের ইচ্ছাতে পারিবারিকভাবেই মামাতো বোন শিমুকে বিয়ে করেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ।
