‘দক্ষতা অর্জন করুন, নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর মৌচাকে ১২ জুলাই, বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার কোডার্সট্রাস্ট এর ৫ম ক্যাম্পাসের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এই মাহেন্দ্রক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল করিম, সাবেক মুখ্য সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান, সাবেক শিক্ষা সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এছাড়াও অনলাইনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজিজ আহমেদ, কো-ফাউন্ডার এবং চিফ স্ট্রাটেজিস্ট, কোডার্সট্রাস্ট এবং ম্যাডস গ্যালসগার্ড, সিইও, কোডার্সট্রাস্ট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আতাউল গণি ওসমানী, কান্ট্রি ডিরেক্টর, কোডার্সট্রাস্ট বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম ছড়িয়ে দিতে পর্যায়ক্রমে ঢাকার বাইরেও ক্যাম্পাস স্থাপনের পরিকল্পনা তুলে ধরা হয়।
কোডার্সট্রাস্ট এর কো-ফাউন্ডার আজিজ আহমেদ বলেন, ‘কোডার্সট্রাস্ট প্রতিষ্ঠার শুরু থেকেই বাংলাদেশের তরুণ সমাজকে আন্তর্জাতিক মানের দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’ তিনি নতুন প্রজন্মকে মানসমপন্ন প্রশিক্ষণের মাধ্যমে সাফল্যের পথে নিয়ে যাওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বিশেষত বর্তমানে বাংলাদেশের শিক্ষিত যুবসমাজকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল করিম বলেন, ‘কোডার্সট্রাস্ট বাংলাদেশ যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণ সমাজকে কর্মক্ষম হিসেবে গড়ে তুলবে যা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখবে।’ তিনি জানান যে অপার সম্ভাবনাময় এই বাংলাদেশে সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দরকার মানসম্মত কারিগরি শিক্ষা। উচ্চ মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য তিনি কোডার্সট্রাস্টকে ধন্যবাদ জানান।
কোডার্সট্রাস্টের সিইও ম্যাডস গ্যালসগার্ড বলেন, ‘কোডার্সট্রাস্ট আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত সুনামের সঙ্গে বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে।’ তিনি বলেন খুব শিগগিরই কোডার্সট্রাস্ট বাংলাদেশ বিশ্বের বিখ্যাত ইন্সটিটিউশনদের সঙ্গে যৌথভাবে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং সনদ প্রদান করবে।
