মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১৯

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২১:৫৩

ইত্তেফাক ডেস্ক

সারাদেশে মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ ১৯ জন গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বেশ কিছু মাদক দ্রব্য। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

কিশোরগঞ্জ: র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়াকে গ্রেফতার করেছে। রবিবার সন্ধ্যায় তাকে নিজ এলাকা থেকে ৯৩ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে নিকলী থানায় একটি মামলা হয়েছে।

মাগুরা: মাগুরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকসহ নানা ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের  দুপুরে আদালতে চালান দেওয়া হয়েছে।

উখিয়া (কক্সবাজার): উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের নির্জন স্থানে বসে রবিবার রাতে মাদক সেবনকালে তিনজন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হচ্ছে জামতলী ক্যাম্পের জিয়াউল হক, জামাল উদ্দিন ও রিয়াজ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের জানান, মাদকসেবী এসব রোহিঙ্গাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। 

টেকনাফ (কক্সবাজার): টেকনাফে বিজিবির অভিযানে পাচারকালে ইয়াবা ও অটোরিকশাসহ দুই যুবক গ্রেফতার হয়েছে। রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হোয়াব্রাং এলাকা থেকে করিম উল্লাহ এবং এনামুল হককে গ্রেফতার করে। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ সার্কেলে হস্তান্তর করা হয়েছে।

আগৈলঝাড়া (বরিশাল): আগৈলঝাড়ায় ইয়াবাসহ এক ভ্রাম্যমাণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে পাঁচ পিচ ইয়াবাসহ ভ্রাম্যমাণ ব্যবসায়ী বাকাল গ্রামের গাফ্ফার ফকিরকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে এসআই নাসির উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন।