মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
মুরাদনগর উপজেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষায় গণিতের স্থলে “বাংলাদেশ ও বিশ্ব পরিচয়” সমাজ পরীক্ষা গ্রহণ করে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পূর্বধইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণিতের স্থলে “বাংলাদেশ ও বিশ্ব পরিচয়” বিষয়ের পরীক্ষা নেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিল আফরোজা পপি। অথচ রুটিন অনুযায়ী ওই পরীক্ষাটি হওয়ার কথা ছিল সোমবার দুপুর দুইটায়। যার ফলে পরীক্ষার একদিন আগেই “বাংলাদেশ ও বিশ্ব পরিচয়” বিষয়ের প্রশ্নটি ফাঁস হয়ে যায়। কেউ কেউ চড়া মূল্য দিয়েও প্রশ্ন কিনেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিল আফরোজা পপির মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা শিক্ষা অফিসার শাহ্ মোহাম্মদ ইকবাল মনসুর বলেন, ঘটনাটি বিব্রতকর। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
