বিশ্ববিদ্যালয়ের বাসে পিষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৬:৩৫

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি দোতলা বাসের চাকায় পিষ্ট হয়ে জাহিদুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম পেশায় একজন দর্জি ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার এ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম নূর উদ্দিন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, সাইকেলে করে সকালে দোকানে যাচ্ছিলেন জাহিদুল। এ সময় তিনি জেলখানা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি দোতলা বাস জাহিদুলকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হন জাহিদুল। এতে জাহিদুলের বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাসের গ্লাস ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ মর্গে রয়েছে।

কুষ্টিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. শিহাবুর রহমান শিহাব বলেন, বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, বাস ভাঙচুর করা হয়নি, বাস এখন পুলিশ হেফাজতে। নিহতের পরিবার বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করতে পারে। পরবর্তীতে তাদের দাবিদাওয়া নিয়ে আলাপ আলোচনা করে প্রচলিত নিয়মানুযায়ী ক্ষতিপূরণের প্রক্রিয়ায় যাব।

ইত্তেফাক/এমএএস