জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন ও সমৃদ্ধির প্রচেষ্টা চলছে তা বিফলে যাবে, যদি সুশাসন নিশ্চিত করা না যায়। জঙ্গি দমনের মতোই সুশাসনের প্রশ্নে সরকারকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। দল না দেখে মুখ না দেখে আইনের কঠোর প্রয়োগ সরকারকেই নিশ্চিত করতে হবে। সরকার-প্রশাসনের কর্তাব্যক্তিদের আইনানুযায়ী নিরপেক্ষ ভূমিকা পালন নিশ্চিত করতে হবে। গতকাল রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে জাসদের জাতীয় কমিটির সভায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, সুশাসনের জন্য সরকারসহ সব গণতান্ত্রিক প্রগতিশীল অসাম্প্রদায়িক রাজনৈতিক ও সামাজিক শক্তি-দল-মহল-ব্যক্তিকে নতুন রাজনৈতিক চুক্তিতে আসতে হবে। সুশাসনের জন্য শুধু সরকারের সদিচ্ছার জন্য অপেক্ষা না করে রাজনৈতিক-সামাজিক শক্তিকে এখনই সোচ্চার হতে হবে। কেবল সুশাসনই পারে দলবাজি-গুন্ডামি-দুর্নীতি-লুটপাটের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে। সভায় আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, শাহ জিকরুল আহমেদ, রেজাউল করিম তানসেন প্রমুখ।
