মুজিব বর্ষে ৮০টি পল্লী বিদ্যুত্ সমিতির আট লক্ষ্য

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৩৭

মুজিব বর্ষে আটটি লক্ষ্য পূরণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুত্ সমিতি (পবিস)। গতকাল শনিবার রাজধানীর আরইবি মিলনায়তনে অনুষ্ঠিত ডিজিএম সম্মেলনে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

সম্মেলনে তিন শতাধিক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) অংশগ্রহণ করেন। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’কে আরইবির সেবা বর্ষ হিসেবে পালনের ঘোষণা করা হয়। আরইবির ৮টি লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে—মুজিব বর্ষকে সেবা বর্ষ হিসেবে পালন করা, শতভাগ বিদ্যুত্ সুবিধা নিশ্চিত, গ্রাহক হয়রানি নিরসনে ‘আলোর ফেরিওয়ালা’ কর্মসূচি অব্যাহত রাখা, ‘আমার গ্রাম-আমার শহর’ বিনির্মাণে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি জোরদার করা, ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে ‘পেপারলেস অফিস’ চালু করা, পরিবেশবান্ধব ২ হাজার সোলার সেচ পাম্প স্থাপন, বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করা।

সম্মেলনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মঈন উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির জনক ১৯৭৫ সালে গ্রামে বসবাসকারী ৮৫ ভাগ জনগণকে বিদ্যুত্ দিতে নির্দেশনা দিয়েছিলেন। এ প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর “ঘরে ঘরে বিদ্যুত্” কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করতে আরইবিকে সহযোগিতা প্রদান করেছে। আরইবির প্রায় ৩৫ হাজার কর্মীকে দুর্নীতিমুক্তভাবে ও একাগ্রচিত্তে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরইবির সদস্য (অর্থ) মো. নাজমুছ সাদাত সেলিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মদিনকে কেন্দ্র করে ২০২০-২১ সালকে মুজিব বর্ষ ঘোষণা করেছে সরকার।