ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অপরিকল্পিতভাবে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করা হয়। এর পর থেকেই কলেজগুলোয় নানা সমস্যা ও সংকট রয়েছে। এ জন্য আমি দায়িত্ব গ্রহণের পর বলেছিলাম সাত কলেজকে আলাদা করে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং স্বতন্ত্র পরিচয়ের জন্য বিশেষজ্ঞ কমিটি করতে যাচ্ছি।
শিক্ষা উপদেষ্টা বলেন, কীভাবে স্বতন্ত্র পরিচয় দেওয়া যায়? সে জন্য একটি কমিটি করেছিলাম। এ কমিটি কলেজগুলো নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কাজ শেষের দিকে। এবার আমরা একটা বিশেষজ্ঞ কমিটি করতে যাচ্ছি। এ কমিটি একত্র প্রাতিষ্ঠানিক রূপ তৈরি করে সেখানে কলেজগুলোকে আরও কীভাবে স্বায়ত্তশাসন দেওয়া যায়, তাদের সুযোগ-সুবিধা, অবকাঠামো কীভাবে বাড়ানো যায় এবং সেগুলোয় সমন্বিতভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়। আর স্বতন্ত্র পরিচয়ের নাম সবার সঙ্গে আলোচনা করে দেওয়া হবে।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকার শিক্ষার মানোন্নয়নের জন্য যত দূর পারে যথাসাধ্য চেষ্টা করবে। আমাদের প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করবেন। রাস্তা অবরোধ নিয়ে উপদেষ্টা বলেন, তোমাদের কাছে একাটই অনুরোধ, নতুন সময় এসে অনেক অস্থিরতা গিয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আমরা সম্পূর্ণ অবিভাবকহীনতায় পেয়েছি, কর্তৃপক্ষও নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের স্বল্পকালীন সময়ে একটা দৃষ্টান্ত হিসেবে রেখে যেতে চাই, যাতে ভবিষ্যৎ সরকারের কাছে এটা নিদর্শন হিসেবে থাকে।
আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে শিক্ষা উপদেষ্টা বলেন, অনেক সংগ্রাম করে রাস্তায় নেমে যারা আহত হয়েছেন, বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি এবং যারা নিহত হয়েছে, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। এখন থেকে আমরা আবার আগের শিক্ষার পরিবেশে ফিরে যেতে চাই।
