জামি’য়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা উদ্ধারের দাবি

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২১:০৩

শতাধিক সন্ত্রাসী গত ৫ আগস্ট রাত ১১টায় মোহাম্মদপুরের সাত মসজিদ রোড এলাকায় জামি’য়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় হামলা চালায়। সন্ত্রাসীরা মাদরাসার শিক্ষক-ছাত্রদের উপর হামলা চালিয়ে তাদের বের করে দিয়ে অবৈধ ও বেআইনিভাবে একটি পক্ষকে দখল করিয়ে দেয়। পরবর্তীতে ওয়াকফ প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে বৈধ কমিটিকে উচ্ছেদ করে তাদের দখলদারিত্ব অব্যাহত রাখতে ষড়যন্ত্র করছে। তাদের হাত থেকে মাদরাসাটি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ওই মাদরাসার বৈধ পরিচালনা পরিষদ। 

বুধবার (২০ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ভূক্তভোগী বৈধ মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার মোতাওয়াল্লী ও পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুর রহিমসহ অন্যান্যরা।

লিখিত বক্তব্যে আলহাজ্ব আব্দুর রহিম জানান, বৈধ পরিচালনা পরিষদের পক্ষ থেকে মাদরাসার অবৈধ দখলমুক্ত করতে ছয়টি দাবি জানাচ্ছি। দাবিগুলো হল, যেভাবে বেআইনিভাবে মাদরাসাটি দখল করেছে তার প্রতিকারে নিজ দায়িত্বে মাদরাসা ত্যাগ করে বৈধ পরিচালনা পরিষদের কাছে চাবি বুঝিয়ে দিতে হবে। ওয়াকফ প্রশাসককে অন্যায্য ও বেআইনি নোটিশ বাতিল করতে হবে এবং বৈধ কমিটি বহাল রেখে দখলদারদের স্বেচ্ছায় মাদরাসা ত্যাগে ডিসির মাধ্যমে তাদের উচ্ছেদ করে বৈধ কমিটিকে বুঝিয়ে দিতে হবে। ভবন জবরদখলে যেসব লুটপাট, ভাংচুর এবং সম্পদ ও নগদ অর্থ তছরুফ করা হয়েছে সরকারকে তার ক্ষতিপূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। জবর দখলকারী ও বেআইনিভাবে জারি করা ওয়াকফ প্রশাসনের নোটিশ বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। ওয়াকফ প্রশাসনের দুর্নীতির বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ নেবেন। এই পদক্ষেপ তরান্বিত করার দাবি জানিয়ে দায়িত্বশীলদের জন্য ফ্যাক্ট চেক না করে শুধু জনশ্রুতিতে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ কোনোভাবেই শোভনীয় নয়। বিষয়টি খতিয়ে দেখে এর প্রতিকারে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করেন তিনি।

ইত্তেফাক/জেডএইচডি