শিবপুরে প্রয়াত মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসীরা

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৩৮

নরসিংদী প্রতিনিধি

শিবপুর উপজেলার মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত সামসুদ্দিন আহমেদের কামারগাঁওস্থ মৌজায় প্রায় সাড়ে ১৭ শতাংশ জমি জোরপূর্বক অবৈধ দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে এলাকার কতিপয় চিহ্নিত সন্ত্রাসী। কামারগাঁও মৌজার আরএস ১৯৩ খতিয়ানে ওই জমিটি। অনেক টাকা ব্যয় করে নীচু জমিটিতে মাটি ফেলে উঁচু করে নামজারি ও খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছেন সামসুদ্দিন আহমেদের ছেলে মো. মেহেদী হাসান আজাদ। তিনি এ জমিতে দোকান নির্মাণ করে ভাড়াটিয়ার মাধ্যমে তা ভোগদখল করে আসছেন।  কিন্তু এলাকার কতিপয় ভূমিদস্যু ও কুখ্যাত সন্ত্রাসী ওয়ারিশদারের অংশ কিনে এনেছে দাবি করে এই জমিতে অবৈধ দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে আদালতে দায়ের করা মামলা মোকদ্দমাও তারা পরোয়া করছে না। এমনকি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসীরা মেহেদী হাসান আজাদের একটি স’মিল উচ্ছেদ করে দিয়েছে। ওই জমিতে সাইনবোর্ড বা স্থাপনা তৈরি করতে গেলে ভূমিদস্যুরা তা ভেঙে ফেলে। এমতাবস্থায় উল্লেখিত সন্ত্রাসীদের হাত থেকে জানমালের নিরাপত্তা বিধান এবং জমিতে যাতে উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারে সে ব্যাপারে নরসিংদীর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মেহেদী হাসান আজাদ।