রামপুরায় গাড়ির ধাক্কায় পিকআপ চালক নিহত

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৩৮

হাতিরঝিলের রামপুরা ইউলুপ প্রান্তে গাড়ির ধাক্কায় এক পিকআপচালক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ আলী। গতকাল শনিবার ভোর সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। তবে ঘাতক গাড়ি এবং চালককে আটক করতে পারেনি পুলিশ। জানা গেছে, নিহত মোহাম্মদ আলীর বাবার নাম মোতালেব ব্যাপারি। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তশা গ্রামে।

নিহতের মামাতো ভাই দুলাল জানান, মোহাম্মদ আলী বর্তমানে রামপুরা থানার মৌলভীরটেক এলাকার বউবাজারে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। গতকাল সকালে কাজের জন্য তিনি পিকআপটি নিয়ে রামপুরা এলাকায় যান। তার পিকআপ ভ্যানটি রামপুরা ইউলুপ প্রান্তে পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে তার পিকআপটি ক্ষতিগ্রস্ত হয়। তখন তিনি নেমে ঐ গাড়ি থামানোর জন্য সামনে গিয়ে দাঁড়ায়। তখন ঐ গাড়ি না থামিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাতিরঝিল থানার এসআই নজরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

এসআই নজরুল ইসলাম জানান, পুলিশ ঘাতক পরিবহনটিকে চিহ্নিত করার চেষ্টা করছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। নিহত মোহাম্মদ আলীর ছয় মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।