পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও শিশু রয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় এ ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রীবাহী গাড়িগুলো পারাচিনার থেকে পেশাওয়ারে যাচ্ছিল। পথিমধ্যে হামলার শিকার হয়।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনকে টিএইচকিউ হাসপাতালে চিকিৎসাধীন। জিও নিউজ জানিয়েছে, চার খেল ও মান্দরি এলাকায় বন্দুকধারীরা প্রায় একঘণ্টা ধরে যাত্রীবাহী বাসগুলোতে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অনেকে নিহত হয়েছে।
খাইবার পাখতুনখোয়ার আইনমন্ত্রী আফতাব আলম জিও নিউজকে বলেছেন, হামলার কারণ জানতে তদন্ত চলছে। তিনি নিহতের সংখ্যা ৪২ জন বলে নিশ্চিত করেছেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে আলম বলেছেন, সশস্ত্র বন্দুকধারীরা পাহাড় থেকে গাড়িতে গুলিবর্ষণ করেছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই হামলার কড়া নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। এই হামলাকে কাপুরুষিত এবং অমানবিক হিসেবে উল্লেখ করেছেন তিনি।
এ ছাড়া পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এই হামলার নিন্দা জানিয়ে আহতদের ভালোমতো চিকিৎসাসেবা দেওয়ায় নির্দেশ দিয়েছেন। হামলাকারীদের আইনের আওয়াতায় আনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে।
