ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে গতকাল শনিবার দুদক ও সততা সংঘের উদ্যোগে “দুর্নীতি প্রতিরোধে দেশ প্রেমই একমাত্র পন্থা এ বিষয়ের উপর বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় কুরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুর্নীতি প্রতিরোধে দেশ প্রেমই একমাত্র পন্থা এ বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতার পক্ষে ক ও খ গ্রুপে ১০ জন প্রতিযোগীর দল নেতা দশম শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার তন্নী ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আফরিন জাহান তনু এবং বিপক্ষে ক ও খ গ্রুপে ১০ জন প্রতিযোগীর দল নেতা অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিন হোসেন সারা ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী হীরা আক্তারসহ মোট ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগীরা তাদের নিজ নিজ দলকে জেতাতে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করে নির্ধারিত সময়ে উভয় পক্ষের যুক্তি-তর্ক খণ্ডন করে। এবং পক্ষের দলই জয়লাভ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য জাতীয় পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাওলাদার আব্দুর রশিদ মাস্টার, শিক্ষক মো. মনির হাওলাদার, আবুয়াল হোসেন, প্রবীর কুমার হাওলাদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে আমাদের সমাজ এবং দেশকে সুন্দর ও সুষ্ঠু রাখতে আমি নিজেও কোনো দুর্নীতি করব না এবং অন্যের অন্যায় ও দুর্নীতিকেও প্রশ্রয় না দেওয়ার জন্য স্ব স্ব অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
