জামালপুর প্রতিনিধি
জামালপুরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বালির বস্তা ফেলে যাতায়াতের পথ তৈরি করল স্থানীয়রা। স্থানীয় স্বেচ্ছাসেবকদের উদ্যোগে গত দুই দিনে রাস্তাটির পাশে বালির বস্তা ফেলে চলাচলের উপযোগী করা হয়। জামালপুর শহরতলির বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আজিমুন্নহার শেলী জানান, পৌর এলাকার বগাবাইদ গ্রামের মূল রাস্তাটি বর্ষা এলেই পানির নিচে তলিয়ে যায়। গত পাঁচ বছর যাবত্ বর্ষার পানিতে রাস্তাটি তলিয়ে থাকায় বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। বগাবাইদ ও মাইনপুর গ্রামের প্রায় ৫ হাজার এলাকাবাসী এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন। প্রতিবছর বর্ষা এলেই রাস্তাটি ব্যবহার অনুপযোগী হওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।
এ ব্যাপারে সমাজকর্মী আরিফুল ইসলাম বলেন, প্রায় ছয়শ মিটার রাস্তা সম্পূর্ণ ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় যুবকদের সহযোগিতায় ভোগান্তি কিছুটা লাঘব করতে গত ১২ জুলাই পর্যন্ত দুই দিনে রাস্তার পাশে বালির বস্তা ফেলে এলাকাবাসীর চলাচলের ব্যবস্থা করা হয়েছে। প্রকাশ থাকে যে ফুয়াদ আহমেদ ফাহিম, নির্জন ইসলাম, শেখর সিরাজ, শাওন আহম্মেদ, তরিফুল ইসলাম তরিফসহ প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক এই কাজে অংশ নেন।
১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আমীর বলেন, এই এলাকার মানুষ দীর্ঘদিন থেকে দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তার দুই পাশে ড্রেনসহ রাস্তাটি নির্মাণ করা হলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসবে। ওয়ার্ড কাউন্সিলর রাকিব হাসান রাজু জানান, ইতিমধ্যে পৌরসভার বিভিন্ন রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। আগামী অক্টোবর মাসে এই রাস্তাটির নির্মাণ কাজ শুরু হবে। রাস্তাটি সংস্কার হলে এলাকাবাসীর আর কষ্ট থাকবে না।
