সিরাজগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৪৩

দুই মালিক সমিতির দ্বন্দ্ব

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ বাসমালিক সমিতি ও ঢাকার মহাখালী বাসমালিক সমিতির দ্বন্দ্বের জেরে সিরাজগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে ঐ রুটে সব বাস চলাচল বন্ধ করে দেয় সিরাজগঞ্জ বাসমালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

সিরাজগঞ্জ বাসমালিক সমিতির সভাপতি জিন্নাহ আলমাজি জানান, ঢাকার মহাখালী মালিক সমিতি রুট পারমিট না নিয়ে এবং কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে কয়েকদিন আগে জোর করে সিরাজগঞ্জ-ঢাকা রুটে ১৪টি বাস চালানো শুরু করে। সিরাজগঞ্জ মালিক সমিতি জেলা প্রশাসকের কাছে মহাখালী সমিতির এ সকল বাস চলাচল বন্ধের জন্য আবেদন করে। জেলা প্রশাসক গত ৯ জুলাই ১০ দিনের মধ্যে দুই মালিক সমিতিকে বসে বিষয়টি মীমাংসার জন্য সিদ্ধান্ত দেয়। কিন্তু মহাখালী মালিক সমিতি হঠাত্ করেই শনিবার সকালে মহাখালী টার্মিনালে থাকা সিরাজগঞ্জের সব কাউন্টার বন্ধ করে দেয়। সেইসঙ্গে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাস আটকে রাখে এবং শ্রমিকদের বিভিন্ন ভয়ভীতি দেখায়। এসব ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে সিরাজগঞ্জ-ঢাকা রুটে সব বাস চলাচল বন্ধ করে দিয়েছে সিরাজগঞ্জ বাসমালিক সমিতি।

মালিক সমিতির নেতারা জানিয়েছেন, দ্রুত এ সমস্যা সমাধান না করা হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।