টাঙ্গাইলে নিখোঁজ আইনজীবীর লাশ উদ্ধার

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৪৩

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের প্রবীণ আইনজীবী ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মিয়া মো. হাসান আলী রেজার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পাঁচদিন পর শনিবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আকুর টাকুর পাড়া এলাকার লৌহজং নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এই খবরে টাঙ্গাইলের আইনজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি সায়েদুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন লৌহজং নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। দুপুরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের খবর পেয়ে নিখোঁজ আইনজীবী হাসান আলী রেজার ছেলে রাশেদুল হাসান এসে ঐ লাশটি তার পিতার বলে শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এই প্রবীণ আইনজীবী মিয়া মো. হাসান আলী রেজা (৭৬) কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির একজন অন্যতম সদস্য। তিনি গত ৮ জুলাই সন্ধ্যার পর টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়াস্থ নিজ বাসা থেকে চা খেতে বাইরে বের হয়ে নিখোঁজ হন। ঐ এলাকার একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হেলমেট ও রেইনকোট পরা এক যুবকের মোটরসাইকেলের পেছনে চড়ে যাচ্ছেন তিনি। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করে।

বিষয়টি তদন্তপূর্বক দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি রফিকুল ইসলাম খান আলো।