ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৯ জনকে শাস্তি দিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন আট ক্রিকেটার ও এক কর্মকর্তা। পাশাপাশি তাদের জরিমানাও করা হয়েছে।
গতকাল বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গেল ১৮ নভেম্বর পিকেএসফের ১ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচ ছিল। সেখানে মুখোমুখি হয়েছিল তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাব। খেলাকালীন দুই পক্ষের খেলোয়াড়রা নিজেদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি শুরু করেন।
এই ঘটনার পরে পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও চাক্ষুষ প্রমাণ পর্যালোচনা করে সিসিডিএমের কারিগরি কমিটি। সেখানে আচরণবিধির ২.১৯ এর অধীনে লেভেল-৪ অপরাধে ৯ জনকে দোষী ঘোষণা করা হয়। এরপরে দোষী সবাইকে এক বছরের জন্য নিষিদ্ধ ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ আচরণবিধি লঙ্ঘন নিয়ে বলেছেন, 'বিসিবি ঘরোয়া প্রতিযোগিতার কোনো স্তরে শৃঙ্খলাসংক্রান্ত বিষয়ে নমনীয় হবে না। এটি সব খেলোয়াড় এবং কর্মকর্তাদের কাছে একটি বার্তা যে, বোর্ড কঠোরভাবে আচরণবিধি লঙ্ঘন মোকাবিলা করে।'
শাস্তি পাওয়া ক্রিকেটাররা হলেন
তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন অনিক, তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়। তাদের সঙ্গে দলটির অফিশিয়াল রবিনও শাস্তি পেয়েছেন। আর স্যাফায়ার স্পোর্টিংয়ের তিন ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। তারা হলেন- রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয়।
