সৌদি আরবের জেদ্দায় চলছে আইপিলের মেগা নিলাম। দুই দিনব্যাপী এই নিলামের প্রথম দিন আজ। প্রথম দিনে ভেঙ্কাটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আইয়ারকে পেতে কলকাতার সঙ্গে লড়াইয়ে নামে ব্যাঙ্গালুরু। জমজমাট লড়াই শেষে পর্যন্ত এই অলরাউন্ডারকে তার পুরোনো দল কলকাতা কিনে নেয়। এছাড়া অজি অলরাউন্ডার মার্কাস স্টোনিয়াসকে ১১ কোটিতে কিনেছে পাঞ্জাব কিংস। আরেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে ৩ কোটি ৪০ লাখ রূপিতে দলে ভিড়িয়েছে লখনউ।
এই নিলামে শ্রেয়াস আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রূপিতে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। যা ছিল আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। তবে এই রেকর্ড টিকেনি ৩০ মিনিটও। তার রেকর্ড ভেঙেছেন ঋষভ পন্থ।
ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারকে ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়ান্টস। যা আইপিএল ইতিহাসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। ধারণা করা হচ্ছে, এটাই এবারের আইপিএল নিলামের সর্বোচ্চ দাম হবে।
আইপিএলের দুই দিনব্যাপী মেগা নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। আজ তোলা হবে মাত্র ৮৪ জনকে। নিলাম থেকে মোট ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি দল। তাদের মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার হতে পারেন।
