ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০১:১৪

অ্যান্টিগা টেস্টে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই শাহদাত হোসেন দিপুর উইকেট হারায় বাংলাদেশ।

তবে লিটন দাসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন মুমিনুল হক। তবে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি এই দুই ব্যাটার। তাদের বিদায়ে ফলোঅনের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। ৭১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেছে টাইগাররা। 

মুমিনুল ২৩ বলে ৭ ও দিপু ৩১ বলে ১০ রানে নিয়ে তৃতীয় দিনে খেলতে নামেন। তবে এ দিন সুবিধা করতে পারেননি দিপু। দলীয় ৬৬ রানে ৭১ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

দিপুর বিদায়ের পর ক্রিজে আসা লিটনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন। দেখেশুনে খেলে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন মুমিনুল।

৬২ রানের জুটি গড়েন লিটন ও মুমিনুল। তবে দলীয় ১২৮ রানে ১১৬ বলে ৫০ রান করে আউট হন মুমিনুল। তার বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন লিটন। ৭৬ বলে ৪০ রান করেন তিনি।

এরপর জাকের আলিকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে দলীয় ১৬৬ রানে ৬৭ বলে ২৩ রান করে আউট হন মিরাজ। তার বিদায়ে বেশ চাপে রয়েছে বাংলাদেশ। 

ইত্তেফাক/জেডএইচ