নিজেকে ছাড়াবেন ফেদেরার?

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ২২:৪৫

রাফায়েল নাদালকে শেষ চারে হারিয়ে উইম্বলডনের ফাইনালে যোগ দেওয়া রজার ফেদেরার আজ রবিবার নিজের রেকর্ডকেই আরো উন্নত করতে কোর্টে নামবেন। অল ইংল্যান্ড ক্লাবে সুইস তারকার নবম শিরোপার সামনে বাধা বিশ্বের এক নম্বর খেলোয়াড় ও শিরোপাধারী নোভাক জকোভিচ।

আধুনিক টেনিসে অনেক বোদ্ধার কাছেই ফেদেরার-নাদালের দ্বৈরথ মানে সময়ের সেরা লড়াই। এ প্রেক্ষাপটেই ২০০৮ সালে দুজনের সাত ঘণ্টার মহাকাব্যিক ফাইনালটির পর গত শুক্রবার রাতে আবার মুখোমুখি হয়েছিলেন টেনিস বিশ্বের দুই মহারথী। তাতে রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় হয় ৩৭ বছর বয়সি ফেদেরারের।

সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম, ‘ডাম্বেলডোর’ খ্যাত হিউ গ্র্যান্ট কিংবা জুড ল’র মতো তারকাদের সামনেই নাদাল ও ফেদেরার উপহার দেন মনে রাখার মতো এক লড়াই। শুরুর সেটটি টাই ব্রেকে জিতে নেন ফেদেরার। কিন্তু পরেরটিতে দারুণ প্রতাপে ৬-১ গেমে জিতে খেলায় ফেরেন নাদাল। এর পরের দুই সেটে স্প্যানিশ তারকা তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও ফেদেরার দারুণ নৈপুণ্য দেখিয়ে খেলাটি জেতেন ৭-৬, ১-৬, ৬-৩, ৬-৪ গেমে।

ফেদেরার কোয়ার্টার ফাইনালে কেই নিশিকোরিকে হারিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে শততম জয়ের রেকর্ড করেছিলেন। তারপরেই এলো চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এমন জয়। এবার ফেদেরারের সামনে নবম উইম্বলডন শিরোপার হাতছানি। শেষ চারের অন্য ম্যাচে রবার্তো বাতিস্তাকে হারিয়ে আসা জকোভিচই এখন ফেদেরারের উইম্বলডন পুনরুদ্ধারের পথে শেষ বাঁধা। 

বিশ্বের সাবেক এক নম্বর ফেদেরার খেলাটির আগে বলেছিলেন, ‘এটা অনেকটা স্কুলের মতো ব্যাপার। পরীক্ষার দিনে আপনি নিশ্চিতভাবেই অনেকগুলো বই পড়ে শেষ করবেন না। আমার মনে হয় না অতোটা অনুশীলন করার প্রয়োজন আছে। এটা পরিষ্কার যে এসব কাজ অনেক আগেই করে ফেলতে হয়। আমার মনে হয় এটাই আমার ভালো ফলাফলের কারণ।’

চলতি বছরে অনেকগুলো কীর্তি গড়েছেন ফেদেরার। শততম শিরোপাজয়, ক্যারিয়ারে ১২০০তম জয় কিংবা চলমান উইম্বলডনেই শততম জয়ের অনন্য রেকর্ডগুলোও আছে এর মাঝে। ঘাসের কোর্টে মৌসুমের শুরুটাও দারুণ করেছেন তিনি। উইম্বলডনের প্রাক্কালে জার্মানির হাল ওপেনে রেকর্ড দশমবারের মতো শিরোপা জিতেছিলেন ফেদেরার। সর্বশেষ নাদালকে হারানো।

ক্যারিয়ারের পড়তিতে থাকা ফেদেরার জানালেন ফাইনালের আগে এসব দারুণ আত্মবিশ্বাস যোগাচ্ছে তাকে। তিনি বলেন,  ‘চলতি বছরটা আমার জন্য ইস্পাত কঠিন এক বছর যাচ্ছে। হাল এ জিতেছিলাম আমি (রেকর্ড দশমবারের মতো)। এই অবস্থা থেকে বেশ আত্মবিশ্বাসী হয়েই ফাইনালে যাচ্ছি আমি।’

এর আগে ৬-২, ৪-৬, ৬-৩, ৬-২ গেমে স্প্যানিশ প্রতিপক্ষ রবার্তো বাতিস্তা আগুতকে হারিয়ে ফাইনালে ওঠা জকোভিচ জানান শিরোপা ধরে রাখতে তীব্র লড়াইয়ের জন্য প্রস্তুত তিনি। জকোভিচ বলেন, ‘সেন্টার কোর্টে ফেদেরারের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নামছি না আমি। তার বিপক্ষে একাধিকবার খেলার অভিজ্ঞতা আছে আমার। আমি জানি প্রত্যাশাটা কেমন রাখতে হবে আমার। আমি নিজের সর্বস্ব দিয়ে লড়াই করতে যাচ্ছি। এটা এমন এক ম্যাচ যা খেলার জন্য ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখে এসেছি।’

                                ফেদেরার                জকোভিচ

হেড টু হেডে জয়            ২২                       ২৫

গ্র্যান্ড স্ল্যাম শিরোপা         ২০                       ১৫

উইম্বলডন শিরোপা         ৮                         ৪