আখচাষিদের মাঝে ভর্তুকি প্রদান
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের সকল জোন এলাকায় আখচাষ বাড়ানোর লক্ষ্যে এসটিপি প্রকল্পের আওতায় আখচাষিদের মাঝে ভর্তুকি প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার রুপালী ব্যাংকের নিয়ন্ত্রিত শিওর ক্যাশের মাধ্যমে হিসাব বিভাগের আইটি কক্ষে ভর্তুকি প্রদান কার্যক্রম উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকমল হোসেন। কৃষি মন্ত্রণালয় প্রদত্ত বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মাধ্যমে ফরিদপুর চিনিকলে ৩ হাজার ৬শ ৫৮ জন আখচাষির মাঝে ভর্তুকির ৬৫ লাখ ৯২ হাজার টাকা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ্ মো. হাররু অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু প্রমুখ।
সাবেক অতিরিক্ত সচিব আবুল খায়েরের স্মরণসভা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোটের বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সাবেক অতিরিক্ত সচিব ও মুক্তিযোদ্ধা আবুুল খায়েরের স্মরণসভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের সভাপতি শহীদুল আলম পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জালাল আহমেদ সিদ্দিকী (অব.)।
সায়মাসহ শিশু নিপীড়নকারীদের শাস্তি দাবি
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা সায়মাসহ চলমান শিশু-কিশোরদের নিপীড়ন ও নির্যাতনকারীদের শাস্তি দাবিতে শনিবার কাউখালীতে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন করেছে খেলাঘর আসর। কাউখালী আঞ্চলিক খেলাঘর আসর উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন খেলাঘর কাউখালী আঞ্চলিক কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, সূর্যোদয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর প্রমুখ।
শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা কালকিনির গোপালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শনিবার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সামগ্রী বিতরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম হাসরদার। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মো. শহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরেআলম সিন্টু মাতুব্বর প্রমুখ।
ধর্ষকের শাস্তি ও মৃত্যুদণ্ড দাবি
নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে শিশু সামিয়া আক্তার সায়মাসহ চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে শনিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিশু সংগঠন খেলাঘর আসর এ মানববন্ধনের আয়োজন করে। খেলাঘর আসরের আহ্বায়ক আহসান রহিম মঞ্জিলের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ সঞ্চালনা করেন শালকি খেলাঘর আসরের সভাপতি আল আমিন রহমান।
